২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেতা মামুনুর রশীদ আইসিইউতে

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি। বুধবার অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

অভিনেতা মামুনুর রশীদ আইসিইউতে

অভিনেতা মামুনুর রশীদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 05:20 PM

Updated : 25 Nov 2026, 05:31 PM

নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও সংগঠক মামুনুর রশীদ অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি। বুধবার অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

মামুনুর রশীদের ভাই চিত্রশিল্পী রশিদ আমিন বলেন, "মামুন ভাইয়ের অবস্থা কিছুটা উঠা নামার মধ্যে রয়েছে। ওনার অক্সিজেন মাত্রা কমে যাচ্ছে। এজন্য আইসসিউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।"

এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে থাকতে হয়েছিল মামুনুর রশীদকে। গেল বছরের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থেকে চলতি বছরের ১৪ জানুয়ারি দেশে ফেরেন তিনি।

দেশে ফেরার পর অভিনয়েও ফিরেছেন ৭৮ বছর বয়সী এই অভিনেতা। শুধু তাই নয়, কিছুদিন আগে তিনি নেপালে গিয়ে সেখানকার স্থানীয় একটি মঞ্চনাটকের নির্দেশনাও দিয়েছেন।

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র তিন মাধ্যমেই ছয় দশক ধরে কাজ করছেন তিনি।

১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করার পর ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’।

দলটিতে তার নির্দেশিত নাটকের মধ্যে রয়েছে ‘কবর’, ‘ওরা কদম আলী’, ‘ওরা আছে বলেই’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’ ও ‘রাঢ়াঙ’।

মামুনুর রশীদ অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’।

‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া নাট্যকলায় অবদানের জন্য ২০১২ সালে তিনি রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক পেয়েছেন।

পুরনো খবর:

যে শিল্পের জন্য নিবেদিত, সেখানে জীবিকা নেই: আড্ডানামায় মামুনুর রশীদ