এবারও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস পরীক্ষা, নীতিমালা প্রকাশ
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।
এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
নীতিমালা অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এ দুই কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অভিন্ন প্রশ্নে হবে। এ নিয়ে দ্বিতীয়বারের মত অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে।
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের ওয়েবসাইটে মঙ্গলবার রাতে প্রকাশ করা নীতিমালায় বলা হয়েছে, এ নীতিমালা ‘মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২৬–২০২৭’ নামে অভিহিত হবে।
ভর্তি পরীক্ষায় আবেদনে জন্য প্রার্থীদের এসএসসি ও এইচএসসির সম্মিলিত সর্বনিম্ন জিপিএ ৮ দশমিক ৫ থাকতে হবে।
পশ্চাৎপদ জনগোষ্ঠীর সব উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষা দুটিতে সর্বনিম্ন জিপিএ ৮ এবং জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৩ থাকতে হবে।
ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ এবং ইংরেজিতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের জন্য ইংরেজিতে প্রশ্নপত্র থাকবে।
এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী বহুনির্বাচনী ফরম্যাটে লিখিত পরীক্ষায় ১০০টি প্রশ্নের বিরপীতে মোট নম্বর ১০০। এর মধ্যে পদার্থবিজ্ঞানে ১৫, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ ও সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন ১৫। লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য বিবেচনা করা হবে।
১০০ প্রশ্নের উত্তর দিতে সময় থাকবে ১ ঘণ্টা ১৫ মিনিট।
আবেদন প্রক্রিয়া
ভর্তির আবেদন কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। একজন শিক্ষার্থী একবার আবেদন করতে পারবেন। অনলাইনে ফরম পূরণ ও নির্ধারিত ফি জমা দেওয়ার পর প্রয়োজনে সর্বোচ্চ দুইবার পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে।
এ ছাড়া 'ও' লেভেল, 'এ' লেভেল বা বিদেশি শিক্ষাব্যবস্থায় উত্তীর্ণ প্রার্থীদের নম্বরপত্র স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সমন্বয় করবে।
মেধাতালিকা
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।
১০০ নম্বরের ভর্তি পরীক্ষার সঙ্গে এসএসসি বা সমমানের জিপিএ এর ৮ গুণ এবং এইচএসসি বা সমমানের জিপিএ‘র ১২ গুণ যোগ করে স্কোর নির্ধারণ করা হবে। তবে ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৩ নম্বর এবং আগের শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে।
এভাবে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করে কোটা ও শিক্ষার্থীদের পছন্দক্রম বিবেচনায় ভর্তির জন্য নির্বাচন করা হবে।
