২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

কামিন্সের এমন 'আক্রমণ' আশা করেননি খাওয়াজা

অস্ট্রেলিয়া অধিনায়কের এমন রূপ আগে কখনও দেখেননি দেশটির সাবেক ওপেনার।

কামিন্সের এমন 'আক্রমণ' আশা করেননি খাওয়াজা

প্যাট কামিন্সের সঙ্গে উসমান খাওয়াজা (ডানে)। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 05:26 PM

Updated : 25 Nov 2026, 05:33 PM

আত্মজীবনীতে আট বছর আগের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে উসমান খাওয়াজার বোমা ফাটানোর পর থেকেই উত্তাল অস্ট্রেলিয়ার ক্রিকেট। বিতর্কিত সেই ঘটনা নিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য ও দোষারোপ। খাওয়াজার সব দাবি উড়িয়ে দিয়ে প্যাট কামিন্স আঙুল তুলেছেন সাবেক এই ওপেনারের দিকেই। অস্ট্রেলিয়া অধিনায়কের এমন আক্রমণাত্মক আচরণে অবাক খাওয়াজা, পেয়েছেন কষ্টও।

‘দা গ্রেড ক্রিকেটার’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন খাওয়াজা। আত্মজীবনী ‘সব্‌র’ প্রকাশের পর এটিই তার সবচেয়ে দীর্ঘ সাক্ষাৎকার। সেখানে তিনি আরও বলেন, বল টেম্পারিং বিতর্কের ইতি টানতে ২০১৮ সালের সেই দলের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়ার প্রস্তাব ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গকে পাঠিয়েছিলেন তিনি।

খাওয়াজার আত্মজীবনী প্রকাশের পর প্রায় তিন সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ান ক্রিকেটে সংকট চলছে। ওই বইয়ে তিনি দাবি করেন, সিরিষ কাগজের ব্যবহার কেবল নিউল্যান্ডস টেস্টেই সীমাবদ্ধ ছিল না। আর কী ঘটছে সেটা দলের সবাই জানত।

এরপর ৬৮ মিনিটের দীর্ঘ সংবাদ সম্মেলনে খাওয়াজার দাবি ‘শতভাগ ভুল’ বলে মন্তব্য করেন কামিন্স। এমনকি খাওয়াজা অন্যদের জীবন নিয়ে খুব হালকাভাবে মন্তব্য করেছেন বলেও দাবি করেন তিনি।

কামিন্সের সেই সংবাদ সম্মেলনের পর চার হাজার শব্দের একটি লেখায় নিজের বক্তব্য তুলে ধরেন ওই ঘটনায় শাস্তি পাওয়া ক্যামেরন ব্যানক্রফট। ওই সফরের দলে থাকা চ্যাড সেয়ার্সও নিজের স্মৃতিচারণ করেন। তাদেরও দাবি ছিল, ঘটনা সম্পর্কে জানতেন দলের সবাই।

সিডনিতে কামিন্স সাংবাদিকদের সামনে কথা বলার আগেই তার সঙ্গে যোগাযোগ করেন খাওয়াজা। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক পরিস্থিতি সামাল দেবেন আশায় ছিলেন তিনি। কিন্তু কামিন্স যেভাবে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, তাতে হতবাক খাওয়াজা।

“ব্যক্তি ও নেতা হিসেবে প্যাট কামিন্সকে আমি সবসময়ই পছন্দ করি। সে ব্যক্তিগতভাবে এভাবে আমাকে আক্রমণ করে বসবে, তা কখনোই ভাবিনি। আমার বক্তব্যের সমালোচনা করতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে করেছে, এত দীর্ঘ সময় ধরে একই কথা বলে গেছে, প্যাটের এই দিকটা আগে কখনো দেখিনি। এটাই আমাকে সবচেয়ে বেশি হতাশ করেছে।

“আমি সংবাদ সম্মেলনটি দেখতে চাইনি। কিন্তু সে কী বলছে, সেটা জানার জন্য আমাকে দেখতে হয়েছে। অনেকবার বন্ধ করে দিতে চেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত দেখতে হয়েছে। মনে আছে, আমার স্ত্রী র‍্যাচেল পাশে বসে বারবার জিজ্ঞেস করছিল, ‘তুমি ঠিক আছ তো? ঠিক আছ তো?’ তখন এত রকম আবেগ কাজ করছিল যে তাকে ঠিকমতো উত্তরও দিতে পারছিলাম না। ব্যাপারটা ছিল খুব অদ্ভুত।”

ব্যানক্রফটের চার হাজার শব্দের বিবৃতি প্রকাশের পর কামিন্সের ওপর চাপ বেড়ে যায়। অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার দাবিও ওঠে। তবে গত সপ্তাহান্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড সর্বসম্মতভাবে তার প্রতি সমর্থন জানায়।

খাওয়াজা বলেন, “এতে আমি আসলে খুব খুশি হয়েছি। আমি ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করতে চাই না। আমি প্যাটকে সবসময়ই ভালোবাসব। তার ওই সংবাদ সম্মেলনে আমি যতই কষ্ট পেয়ে থাকি না কেন, সত্যিই খুব কষ্ট পেয়েছিলাম, তারপরও মাত্র ৭০ মিনিটের একটি সংবাদ সম্মেলন, কিংবা সম্ভবত ২০ মিনিটের একটি সংবাদ সম্মেলন দিয়ে আমি তাকে বিচার করতে চাই না। প্যাটকে আমি এভাবে বিচার করব না। তাকে আমি আগের মতোই পছন্দ করি। আমি ক্ষোভ পুষে রাখার মতো মানুষ নই।

“তবে বিষয়টি বিস্ময়ের ছিল কারণ আমি- এর প্রেক্ষাপট বলব না- ওটার (সংবাদ সম্মেলনের) কয়েক দিন আগে তাকে বার্তা পাঠিয়েছিলাম। আশা করেছিলাম, সে এমন একটি পথ খুঁজে বের করবে, যাতে দেয়াল তুলে বিভেদ আরও বাড়ানোর বদলে সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবে।”

খাওয়াজার মতে, কামিন্স তার বক্তব্য ভিন্নভাবেও দিতে পারত। তাতে পরিস্থিতি এতটা ঘোলাটে হতো না।

“তখন প্যাটের বয়স ছিল মাত্র ২৪ বছর। এটা প্যাট্রিক কামিন্সের কোনো ব্যক্তিগত বিষয় ছিল না। আমার মনে হয়, প্যাটের বদলে ক্রিকেট অস্ট্রেলিয়ারই নেতৃত্ব দিয়ে বিষয়টি সামলানো উচিত ছিল। প্যাট কেন সংবাদ সম্মেলনে গিয়েছিল, তা আমি বুঝি। তবে সে যা বলেছে, তা অন্যভাবেও বলা যেত।”