২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

কম্পানির অবস্থা স্থিতিশীল, তবে বাইরে থাকতে হবে কয়েক সপ্তাহ

বায়ার্ন মিউনিখের ক্রীড়া পরিচালক জানিয়েছেন, এখন কোচের সুস্থ হয়ে ওঠাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ক্লাব।

কম্পানির অবস্থা স্থিতিশীল, তবে বাইরে থাকতে হবে কয়েক সপ্তাহ

বায়ার্ন মিউনিখ কোচ ভেসোঁ কম্পানি (মাঝে)। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 07:23 PM

Updated : 24 Oct 2026, 07:29 PM

রিজার্ভ দলের অনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বায়ার্ন মিউনিখ কোচ ভেসোঁ কম্পানির শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে তাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন ক্লাবের ক্রীড়া পরিচালক মাক্স ইবের্ল।

৪০ বছর বয়সি বেলজিয়ান এই কোচ গত কয়েক দিন ধরে ভাইরাসে আক্রান্ত ছিলেন এবং দলের বেশ কয়েকটি অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি। শুক্রবার রিজার্ভ দলের অনুশীলন চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মিউনিখে শনিবার সাংবাদিকদের এবার্ল জানান, এখন কম্পানির সুস্থ হয়ে ওঠাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ক্লাব এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই সম্ভাব্য ফেরা নিয়ে আলোচনা করা হবে।

“প্রথমে আমাদের বুঝতে হবে আসলে কী হয়েছে, এরপর আমরা শান্তভাবে আলোচনা করব যে তার সেরে উঠতে কত সময় লাগতে পারে। এটি কয়েক দিনের নয়, বরং কয়েক সপ্তাহের বিষয়। বিষয়টি সবার পরিষ্কারভাবে বোঝা দরকার।”

কম্পানি অসুস্থ হয়ে পড়ায় বায়ার্ন তাদের রিজার্ভ দলের ম্যাচ স্থগিত করে। তবে রোববার বুন্ডেসলিগায় ফ্রেইবুর্গের বিপক্ষে ম্যাচটি পিছিয়ে দেওয়ার কথা তারা ভাবেনি বলে জানান এবার্ল।

“আমার মনে হয়, ভিনির জন্য সবচেয়ে আনন্দের বিষয় হবে যদি আমরা আগামীকাল ভালো খেলি এবং ইতিবাচক ফল অর্জন করতে পারি। তার দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে এটিই হতে পারে আমাদের পক্ষ থেকে সেরা কিছু করা।

ফ্রেইবুর্গের বিপক্ষে ম্যাচে দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস। তিনি জানান, কম্পানির সঙ্গে তার কথা হয়েছে, তবে সেটা কেবল শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্যই।

বুন্ডেসলিগায় ছয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুই নম্বরে বরুশিয়া ডর্টমুন্ড। এক পয়েন্ট কম নিয়ে তিনে আছে ফ্রেইবুর্গ।