০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ধর্ষণ ও যৌন নিপীড়ন: দোষী সাব্যস্ত হলিউড অভিনেতা রাসেল ব্র্যান্ড

এর ফলে দীর্ঘমেয়াদী কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন এ অভিনেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 10:47 PM

Updated : 05 Nov 2026, 10:47 PM

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে লন্ডনের একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন একসময়ের অন্যতম প্রভাবশালী ব্রিটিশ উপস্থাপক এবং হলিউডের কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ড।

রয়টার্সের খবরে বলা হয়, এক নারীকে ধর্ষণ এবং আরও ৩ জনকে যৌন নিপীড়নের দায়ে বৃহস্পতিবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত তাকে দোষী সাব্যস্ত করে। এর ফলে রাসেল দীর্ঘমেয়াদী কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।

এ দিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, মার্কিন পপ গায়িকা কেটি পেরির সাবেক স্বামী রাসেল ব্র্যান্ড যৌনতায় আসক্ত ছিলেন। তিনি বহু নারীর সঙ্গে যৌন সম্পর্কে ছিলেন।

আদালতে ভুক্তভোগী এক নারী সাক্ষ্য দিতে গিয়ে বলেন, রাসেল তার সঙ্গে পশুর মত আচরণ করেছিলেন। এ সময় জুরিদের উদ্দেশ্যে প্রধান কৌঁসুলি রিয়েল কারমি-জোন্স বলেন, “৫০ বছর বয়সি রাসেল যখন চাইতেন, তখন অত্যন্ত হাস্যরসিক ও আকর্ষণীয় হয়ে উঠতেন। কিন্তু বাস্তবে তিনি ছিলেন নির্মম এবং চরম লম্পট। নারীদের কাছ থেকে কেবল নিজের স্বার্থ হাসিল করতেই তিনি আগ্রহী ছিলেন। অভিযোগকারী নারীদের প্রতি তার সাক্ষ্যে একধরণের অবজ্ঞা ও ঘৃণার সুর স্পষ্ট ছিল, যা অপরাধ সংঘটনের সময় নারীদের প্রতি রাসেলের সার্বিক দৃষ্টিভঙ্গিকেই প্রতিফলিত করে।”

রয়টার্স বলছে, রাসেল ব্র্যান্ড এখন দীর্ঘ কারাদণ্ডের মুখে রয়েছেন। পুলিশ বলেছে, তার বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় তিনি অতিরিক্ত আইনি পদক্ষেপের মুখোমুখি হতে পারেন।

যদিও রাসেল ব্র্যান্ড বরাবরই পারস্পরিক সম্মতি ছাড়া তিনি কোনো যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ অস্বীকার করে আসছেন।