‘ঋতুকামিনী’ আসছে না এবছর, মুক্তির পরিকল্পনা জানুয়ারিতে
মূল দুই চরিত্রে আছেন আবদুন নূর সজল ও অধরা খান।
আবদুন নূর সজল ও অধরা খান অভিনীত সিনেমা ‘ঋতুকামিনী’ ডিসেম্বরে মুক্তির কথা ছিল চলতি বছর। তবে তা হচ্ছে না।
সব প্রস্তুতি শেষ হলেও ছাড়পত্র-সংক্রান্ত জটিলতায় সিনেমার মুক্তি এক মাস পিছিয়ে জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
মুক্তির সময় পরিবর্তনের বিষয়টি জানিয়ে সিনেমার পরিচালক জাহিদ হোসেন বলেন, “ঋতুকামিনী মুক্তির জন্য প্রস্তুত। কিন্তু স্পনসরশিপ জটিলতার কারণে এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রযোজক বিভিন্ন স্পনসরের সঙ্গে কথা বলছেন।
“ইতিমধ্যে কয়েকটি কোম্পানির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করছি, শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।”
গ্রামীণ পটভূমিতে নির্মিত এ সিনেমায় সামাজিক অবক্ষয়, অনৈতিকতা ও পারিবারিক নানা প্রতিবন্ধকতার গল্প তুলে ধরা হয়েছে। এতে গ্রামের বখাটে যুবক জামাল চরিত্রে সজল এবং সহজ-সরল তরুণী কুমকুমের ভূমিকায় অভিনয় করেছেন অধরা খান।
প্রায় দুই বছর আগে দৃশ্যধারণ হয়ে চলতি বছর ছাড়পত্রও পায় সিনেমাটি।
মোয়াজ্জেম হুসেন প্রযোজিত এই ছবিতে সজল ও অধরা ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার ও রিনা খানসহ আরও অনেকে।
