২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুনের চেষ্টায় শনাক্ত ৩, মামলা

সিসিটিভি ভিডিওতে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনও শনাক্ত করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 09:17 PM

Updated : 22 Nov 2026, 09:17 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।

রোববার বিকালে সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে তিনজনের নাম দিয়ে অজ্ঞাত আরও সাত থেকে আটজনকে আসামি করে মামলাটি দায়ের করেন বলে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান।

শনাক্ত হওয়া তিনজন হলেন- জেলা সদরের উত্তর সবুজবাগের মো. মুন্না, একই এলাকার মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক।

ওসি কায় কিসলু বলেন, সিসিটিভি ভিডিও দেখে তিনজনকে শনাক্ত করা হয়েছে। ভিডিওতে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনও শনাক্ত করা যায়নি।

শনিবার রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদরের নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বলেন, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে বের হওয়ার চেষ্টা করলে ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে।

এদিকে আগুন দেওয়ার চেষ্টার পর রোববার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা বাড়িটি পরিদর্শন করেছেন।

পুরনো খবর:

খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে ‘অগ্নিসংযোগের চেষ্টা’