২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

আলিফ হত্যা: দুই বছরে চার সাক্ষ্য, বিচার শেষ হতে কত দিন?

৪৯ সাক্ষীর মধ্যে বাকি ৪৫ জনের সাক্ষ্য, জেরা ও অন্যান্য বিচারিক প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে বলে আশঙ্কা বাদীপক্ষের।

আলিফ হত্যা: দুই বছরে চার সাক্ষ্য, বিচার শেষ হতে কত দিন?

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 03:24 PM

Updated : 27 Nov 2026, 03:38 PM

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দুই বছরে মামলার বিচারপ্রক্রিয়া এগিয়েছে সামান্যই। এ সময়ে ৪৯ জন সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন মাত্র চারজন। তাদের কাউকেই জেরা করেননি প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী।

মামলাটির দ্রুত নিষ্পত্তি চান বাদীপক্ষ। একই দাবিতে বৃহস্পতিবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন আইনজীবীরা।

মামলাটি বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালতে বিচারাধীন।

বাদীপক্ষের আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শুরু থেকেই দ্রুত ও ন্যায্য বিচারের দাবি জানিয়ে আসছি। বিচারপ্রক্রিয়ার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলতে চাই, মামলাটির বর্তমান অগ্রগতি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে।”

দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।

সভা থেকে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য অবিলম্বে প্রয়োজনীয় সরকারি আদেশ জারির দাবি জানানো হয়। পাশাপাশি দ্রুত, ন্যায্য ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, “আলিফের পিতা ও মামলার বাদী গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য আবেদন করেছিলেন। কিন্তু আজও সে বিষয়ে আদেশ হয়নি।

“মামলাটি বর্তমানে দায়রা মামলা হিসেবে বিচারাধীন। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য প্রয়োজনীয় সরকারি গেজেট না হওয়ায় মামলাটি সেখানে স্থানান্তরিত হয়নি। তবে মহানগর দায়রা জজ মহোদয় নিজ ক্ষমতাবলে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য প্রেরণ করেছেন।”

মামলার বর্তমান গতিতে বিচার শেষ হতে আরও দীর্ঘ সময়, এমনকি এক যুগও লেগে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রায়হানুল ওয়াজেদ বলেন, “বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। মোট সাক্ষী ৪৯ জন। অথচ এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ৪ জন।

“বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পরও রয়েছে জেরা, অন্যান্য বিচারিক কার্যক্রম, যুক্তিতর্ক এবং রায়ের অপেক্ষা।”

তিনি বলেন, “আমরা আদালতের প্রক্রিয়ার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে প্রয়োজনীয় সব আইনি সহায়তা দিয়ে যাচ্ছি।

“কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে তার আইনজীবী একের পর এক বিভিন্ন দরখাস্ত দাখিল করে বিচারপ্রক্রিয়াকে দীর্ঘায়িত করা হচ্ছে। এমনকি সাক্ষীদের কাউকেই তারা জেরা করেনি।”

তবে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার অভিযোগ গঠনের বিষয়ে আপত্তি জানিয়ে উচ্চ আদালতে আমরা তখনই আবেদন করেছিলাম। উচ্চ অদালতে সেই আবেদনের শুনানি কিছুদিনের মধ্যে হতে পারে। তাই আমরা কোনো সাক্ষীকে জেরা করিনি।”

বাদীপক্ষের আইনজীবী রায়হানুল ওয়াজেদ বলেন, “শহীদ আলিফের হত্যার বিচার শুধু একটি পরিবারের ন্যায়বিচার পাওয়ার প্রশ্ন নয়। একজন আইনজীবীর প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকাণ্ডের বিচার যদি বছরের পর বছর ঝুলে থাকে, তবে তা নিহতের পরিবার, আইনজীবী সমাজ এবং ন্যায়বিচার প্রত্যাশী মানুষের জন্য গভীর হতাশার কারণ হয়ে দাঁড়াবে।

Image

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

“আমরা চাই, এই বিচার হোক দ্রুত, স্বচ্ছ ও ন্যায্য। কোনো অযৌক্তিক বিলম্ব যেন বিচারের পথকে বাধাগ্রস্ত করতে না পারে।”

২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ সময় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে প্রিজন ভ্যানে করে চিন্ময়কে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ করেন তার সমর্থকরা।

প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময়কে কারাগারে নিয়ে যায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করেন। পরে আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করেন।

ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ২৯ নভেম্বর নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন আলিফের বাবা জামাল উদ্দিন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়। আসামিদের অধিকাংশই নগরীর রঙ্গম কনভেনশন হল লাগোয়া বান্ডেল সেবক কলোনির বাসিন্দা।

তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান ৩৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে চিন্ময় দাসকে প্রধান আসামি করা হয়।

ঘটনার সময় পুলিশ হেফাজতে থাকা চিন্ময়কে কেন প্রধান আসামি করা হয়েছে, তার ব্যাখ্যায় তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, “সেদিন জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর তিনি আদালত প্রাঙ্গণে উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। তার বক্তব্যের কারণে অন্য আসামিরা উত্তেজিত হয়ে আইনজীবীর উপর হামলা চালায় বলে তদন্তে উঠে এসেছে।

“হুকুমদাতা হিসেবে চিন্ময় দাস এই মামলার প্রধান আসামি। ইতোপূর্বে গ্রেপ্তার আসামিদের জবানবন্দি ও জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হামলার ঘটনায় যারা জড়িত ছিল, তাদের অভিযোগপত্রে আসামি করা হয়েছে।”

এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি স্মরণসভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করে।