রামিসা হত্যা মামলার বিচার দ্রুত করে প্রতিশ্রুতি রেখেছে সরকার: আইনমন্ত্রী
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিচারের ইতিহাসে মৃত্যুদণ্ডের মামলার আপিল নিষ্পত্তিতে সবচেয়ে কম সময় নেওয়ার নজির তৈরি হয়েছে।
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার আপিল দ্রুত নিষ্পত্তির কথা তুলে ধরে জাতীয় সংসদে বিবৃতি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা বাস্তবায়ন করা হয়েছে।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠকে আইনমন্ত্রী বলেন, গত ১৯ মে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই দিনই প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২০ মে মামলা হয়।
তিনি বলেন, ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী ও তিনি রামিসার বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। তাদের ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।
মাত্র চার দিনের মাথায় ২৪ মে অভিযোগপত্র দেওয়ার তথ্য তুলে ধরে তিনি বলেন, ৭ জুন বিচারিক আদালত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেয়।
সেই রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে মঙ্গলবার হাই কোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেও তার স্ত্রীকে খালাস দেয়।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিচারের ইতিহাসে মৃত্যুদণ্ডের মামলার আপিল নিষ্পত্তিতে সবচেয়ে কম সময় নেওয়ার নজির তৈরি হয়েছে।
দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
বিগত ১৬ থেকে ১৭ বছরে গুম, খুন, রাজনৈতিক নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও তুলে ধরেন তিনি।
এসব অপরাধের বিচারের জন্য জেলায় জেলায় তদন্ত দল পাঠানোর কথাও বলেন আইনমন্ত্রী।
ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়াকেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
এছাড়া আলোচিত তিন হত্যা মামলার আপিল শুনানির বিষয়ে আইনমন্ত্রী বলেন, “মেজর সিনহা হত্যা মামলা, বিশ্বজিৎ হত্যা মামলা, শহীদ আবরার ফাহাদ হত্যা মামলা আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমিকভাবে শুনানি শুরু হবে মাননীয় স্পিকার।”
এসব মামলার দ্রুত নিষ্পত্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে তুলে ধরেন আইনমন্ত্রী।
