১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগের সময়কার গুম-খুনে ১৮৮৩ মামলা: সংসদে আইনমন্ত্রী

জুলাইয়ের আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে ৭৯টি, বলেন মো. আসাদুজ্জামান।

আওয়ামী লীগের সময়কার গুম-খুনে ১৮৮৩ মামলা: সংসদে আইনমন্ত্রী

ছবি: ভিডিও থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 09:31 PM

Updated : 10 Nov 2026, 09:31 PM

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়কার হত্যা, গুম ও নির্যাতনের অভিযোগে জুলাই অভ্যুত্থানের পর দেশে ১ হাজার ৮৮৩টি মামলা হওয়ার তথ্য দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য দিয়ে তিনি বলেছেন, এসব মামলার মধ্যে ২৯৩টির তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ৯১টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বাকি ১ হাজার ৪৯৯টি মামলার তদন্ত চলছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দায়ের করা ১ হাজার ৮৮৩টি মামলার মধ্যে হত্যা মামলা ৮০৫টি। অন্য ধারায় মামলা হয়েছে ১ হাজার ৭৮টি।

ইতোমধ্যে ৯৮টি হত্যা মামলাসহ মোট ২৯৩টির তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এসব মামলার বিচারকাজ চলছে।

এর আগে গত ৩০ এপ্রিল সংসদে আইনমন্ত্রী জানিয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর ১ হাজার ৮৫৫টি মামলা হয়েছে। তখন ১৫৮টি মামলার অভিযোগপত্র দেওয়ার কথা বলা হয়েছিল।

সেই হিসাবে মোট মামলা বেড়েছে ২৮টি। অভিযোগপত্র জমা পড়া মামলার সংখ্যা বেড়ে হয়েছে ১৩৫।

জুলাই ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলাগুলোর অগ্রগতিও তুলে ধরেন আইনমন্ত্রী।

তিনি বলেন, আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৭৯টি মামলা হয়েছে। এর মধ্যে আটটি মামলার পূর্ণাঙ্গ রায় হয়েছে।

এই আট মামলায় মোট ৭৩ জনকে সাজা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২৪ জনের মৃত্যুদণ্ড হয়েছে। বাকি ৪৯ জনকে আমৃত্যু কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আইনমন্ত্রী জানান, ট্রাইব্যুনালে বর্তমানে ২৬টি মামলা বিচার পর্যায়ে রয়েছে। আরও ৪৫টি মামলা তদন্ত পর্যায়ে রয়েছে।