১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

যশোরে নয় মাসে ৮০০ মামলার রায়, ফৌজদারি-দেওয়ানি মামলায় বড় অগ্রগতি

দেওয়ানি মামলায় নিষ্পত্তির হার দাঁড়িয়েছে রেকর্ড ১৫৫ দশমিক ৪ শতাংশে।

যশোরে নয় মাসে ৮০০ মামলার রায়, ফৌজদারি-দেওয়ানি মামলায় বড় অগ্রগতি

যশোর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 07:17 PM

Updated : 14 Nov 2026, 07:17 PM

যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তিতে গতি ফিরেছে। চলতি বছরের প্রথম নয় মাসেই দায়রা আদালতে ৮০০ মামলার রায় ঘোষণা করা হয়; যা আগের বছরের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

সেইসঙ্গে দেওয়ানি মামলায় নিষ্পত্তির হার দাঁড়িয়েছে রেকর্ড ১৫৫ দশমিক ৪ শতাংশে।

শনিবার সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে এসব তথ্য প্রকাশ করা হয়।

যশোর জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দায়রা আদালতে ৬২৫টি মামলায় সাজা দেওয়া হয়। ওই বছর ২৩ জনকে যাবজ্জীবন ও একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

সেখানে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৯ মাসেই ৮০০টি মামলায় সাজা দেওয়া হয়; যার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন ২৬ জন।

একই চিত্র মাদক সংক্রান্ত মামলাতেও। ২০২৫ সালের পুরো বছরে মাদক মামলায় সাজা হয় ৫৮টি এবং যাবজ্জীবন দেওয়া হয় ১৯ জনকে। কিন্তু ২০২৬ সালের প্রথম নয় মাসেই ১০৭টি মাদক মামলার রায় ঘোষণা করা হয়। যার মধ্যে ২৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে দেওয়ানি মামলায় বিচারিক কার্যক্রমেও এসেছে বড় সাফল্য। ২০২৫ সালে যেখানে নিষ্পত্তির হার ছিল ৮৩ দশমিক ১ শতাংশ। সেখানে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত চার হাজার ৩১০টি নতুন মামলার বিপরীতে নিষ্পত্তি হয়েছে ছয় হাজার ৮২২টি। ফলে দেওয়ানি মামলায় নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ দশমিক ৪ শতাংশ। আর বিচারাধীন মামলার সংখ্যা কমে ৩০ হাজার ২১টিতে নেমে এসেছে।

সেইসঙ্গে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও মামলার জট কমে এসেছে। ২০২৫ সালে এই আদালতে যেখানে ১০ হাজার ৫৪০টি মামলা নিষ্পত্তি হয়েছিল; সেখানে চলতি বছরের শুরুতেই বিচারাধীন মামলা, নতুন দায়ের ও প্রাপ্তি মিলিয়ে ৪৮ হাজার ৫৫৭টি মামলার বিচারকাজ পরিচালিত হয়েছে।

এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৩ হাজার ৬০৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মামলার জট কমিয়ে বিচারপ্রার্থীদের দ্রুত সেবা দিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।

সম্মেলনে স্পেশাল জজ (জেলা জজ) এস এম নূরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আতোয়ার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন চিকিৎসক মাসুদ রানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিভিন্ন আদালতের বিচারক এবং আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিচারক ও আইন কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় মামলা নিষ্পত্তির গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দ্রুত বিচার নিশ্চিতকরণ ও বিচারপ্রার্থীদের দীর্ঘসূত্রিতা কমাতে এই গতি বজায় থাকবে বলে প্রত্যাশা সবার।