২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ডে-কেয়ারে নিপীড়ন, অধ্যক্ষের ৫ বছরের কারাদণ্ড

সেখানে শিশুদের হাত-পা বেঁধে রাখার মতো অমানবিক নির্যাতনের ঘটনা দেশটিতে ক্ষোভের জন্ম দিয়েছিল।

ইন্দোনেশিয়ায় ডে-কেয়ারে নিপীড়ন, অধ্যক্ষের ৫ বছরের কারাদণ্ড

ইন্দোনেশিয়ার জেলা আদালতে শিশু নির্যাতন মামলার রায়ের শুনানিতে অংশ নেন লিটল আরেশা ডে-কেয়ার সেন্টারের প্রধান অনিতা পালুপি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 10:35 AM

Updated : 20 Nov 2026, 10:35 AM

ইন্দোনেশিয়ায় লাইসেন্সবিহীন একটি ডে-কেয়ার সেন্টারে শিশু নিপীড়ন ও অবহেলার দায়ে প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিবিসি লিখেছে, গত এপ্রিলে ইয়োগিয়াকার্তা শহরের ‘লিটল আরেশা’ নামের ওই ডে-কেয়ার সেন্টারে অভিযান চালানো হয়।

সেই সময় কেন্দ্রটির ভেতরে নির্যাতন চালানোর চিত্র সামনে আসে। অভিযানে দেখা যায়, ছোট শিশুদের হাত ও পা কাপড়ের টুকরো দিয়ে বেঁধে রাখা হয়েছে।

এ ঘটনা ইন্দোনেশিয়াজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়। এর পরপরই দেশটির সব শিশু দিবাযত্ন কেন্দ্রের ওপর নজরদারি বাড়ানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এমন অনেক কেন্দ্রেরই যথাযথ লাইসেন্স নেই।

এ মামলায় লিটল আরেশার অধ্যক্ষ অনিতা পালুপি ইন্দাহসারির পাশাপাশি প্রতিষ্ঠানের ১১ জন কর্মী এবং কেন্দ্রটি পরিচালনাকারী ফাউন্ডেশনের প্রধানকে অভিযুক্ত করা হয়েছিল।

বিবিসি লিখেছে, বৃহস্পতিবার দেওয়া রায়ে ইয়োগিয়াকার্তার বিচারক সুনারিয়ান্তো বলেন, “অনিতা শিশুদের ওপর অব্যাহত সহিংসতা চালানোর সুযোগ দিয়েছেন। তিনি আইনগতভাবে এবং সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত হয়েছেন।”

কারাদণ্ডের পাশাপাশি অনিতাকে ৫১০ মিলিয়ন ইন্দোনেশীয় রুপিয়া (২৭ হাজার ৯০০ ডলার বা ২১ হাজার ৩০০ পাউন্ড) জরিমানা করেছেন বিচারক। জরিমানা অনাদায়ে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ভুক্তভোগী কয়েকটি পরিবার এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুনানিতে অনিতার ১০ বছরের কারাদণ্ড দাবি করেছিলেন, কিন্তু সাজা হয়েছে তার অর্ধেক।

বৃহস্পতিবার শুনানিতে উপস্থিত থাকা এক অভিভাবক ত্রি সুসিলাওয়াতি এ রায়ের বিরুদ্ধে আপিল করতে রাষ্ট্রপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, তাদের সন্তানদের সঙ্গে যা করা হয়েছে, তার তুলনায় এই শাস্তি যথেষ্ট নয়।

এর আগে চলতি বছরের শুরুর দিকে বিচার শেষে লিটল আরেশা ফাউন্ডেশনের চেয়ারপারসন দিয়াহ কুসুমাস্তুতিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এছাড়া কেন্দ্রটির ১১ জন পরিচর্যাকারীর প্রত্যেককে দুই থেকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ তাদের সবার পাঁচ বছর করে সাজা চেয়েছিল।

আগের ওই রায়গুলোর বিরুদ্ধেও বিক্ষোভ করেছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাদের কেউ কেউ বলেছিলেন, “এই সাজা আমাদের চাওয়ার ধারেকাছেও নেই।”

ভুক্তভোগী এক শিশুর বাবা ইমেদিয়া দ্বি অঞ্জনি বলেন, “এটি চরম অন্যায়।”

প্রতিষ্ঠানটির এক সাবেক কর্মী পুলিশের কাছে অভিযোগ দেওয়ার পর গত এপ্রিলে লিটল আরেশায় অভিযান চালানো হয়। ওই কর্মী দাবি করেছিলেন, কেন্দ্রটিতে শিশুদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে।

পুলিশের হিসাব অনুযায়ী, কেন্দ্রটিতে থাকা ১০৩ জন শিশুর মধ্যে ৫৩ জনই নির্যাতনের শিকার হয়েছে। অভিযানে দেখা যায়, মাত্র ৩ মিটার (১০ ফুট) দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের ছোট ছোট ঘরে ২০ জন পর্যন্ত শিশুকে গাদাগাদি করে রাখা হতো।

ইয়োগিয়াকার্তার পুলিশ প্রধান ইভা গুনা পান্দিয়া সে সময় বলেছিলেন, শিশুরা যাতে অন্যদের বিরক্ত না করে, সেজন্য কর্মীরা কয়েকজন শিশুকে বেঁধে রাখতেন।

ওই অভিযানের পরপরই ডে-কেয়ার সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়।