২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ

উপ-পুলিশ কমিশনার বলেন, “কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছিল। পেট্রল বোমা জাতীয় কিছু না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 10:32 AM

Updated : 20 Nov 2026, 10:32 AM

সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার গভীর রাতে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন।

আগুনের উৎস হিসেবে স্থানীয়রা পেট্রোল বোমা নিক্ষেপের দাবি করলেও পুলিশ বলছে কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছে।

উপ-পুলিশ কমিশনার আফজাল হোসেন বলেন, “বাসায় আগুন না, যেটা হলো বাসার সামনে গলির গেইট আছে। গেইট পার হলে অনেকগুলো বাসা, তার মধ্যে উনার একটি বাসা। গেইটের সামনে একটু অগ্নি সংযোগ করা হয়েছিল।"

তিনি আরও বলেন, “কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছিল। পেট্রল বোমা জাতীয় কিছু না।”

এ ঘটনায় কেউ আহতও হয়নি বলে জানান তিনি।