‘বাকি রামিসাদের’ মামলা ঝুলে থাকে কেন?
জরিপ বলছে, একটি মামলা শেষ হতে গড়ে ৩ বছর ৭ মাস সময় লাগছে; শুনানির তারিখ পড়ে গড়ে ২২ বার।
পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার রায় আসে মাত্র পাঁচ কার্যদিবসে, যা সরকারের চোখে একটা মাইলফলক।
কিন্তু বিচারিক আদালতে দুয়েকটি মামলা ছাড়া এমন মাইলফলক শিশুনির্যাতন সংক্রান্ত অন্য কোনো মামলার বাদীর কপালে জোটে না।
জরিপ বলছে, একটা মামলা শেষ হতে গড়ে তিন বছর ৭ মাস অপেক্ষা করতে হয় বাদীকে। আর একেকটি মামলায় শুনানির তারিখ পড়ে গড়ে ২২ বার।
এই দীর্ঘসূত্রিতার কারণ হিসেবে মামলার তদন্ত প্রতিবেদন দেরিতে আসা, পর্যাপ্ত আদালত ও বিচারক না থাকা, বাদী-বিবাদীর অনুপস্থিতি ও আইনের নানা ফাঁকফোকরের কথা সামনে এনেছেন বিশেষজ্ঞরা।
নেত্রকোণার ঠাকুরাকোনা ইউনিয়নের ১৪ বছর বয়সী কিশোরী পান্না আক্তারকে ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা হয় ২০১৭ সালে।
কিন্তু এ মামলার রায় রামিসার মামলার মতো পাঁচ কার্যদিবসে আসেনি। রায় আসে ঘটনার প্রায় আট বছর পর; ২০২৫ সালে। এতে আসামিদের মৃত্যুদণ্ডের আদেশ এলেও সেই শাস্তি এখনো কার্যকর হয়নি।
অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালে মার্চে মাগুরায় ধর্ষণ ও হত্যার শিকার হয় আট বছরের এক শিশু। ওই মামলায় প্রধান আসামির ফাঁসির রায় আসে ১৪ কর্মদিবসের মধ্যেই। এ রায় এখনো কার্যকর হয়নি।
রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেয় আদালত।
নিম্ন আদালতে আসামির মৃতুদণ্ড হওয়ার পর কার্যকরের জন্য সেটি পাঠানো হয় ডেথ রেফারেন্সে।
দেশে সর্বোচ্চ শাস্তির আদেশসমূহ ঝুলে থাকার কারণ হিসেবে এই ডেথ রেফারেন্স কোর্টে ফাইল জমে থাকার কথা সামনে এনেছেন সুপ্রিম কোর্ট ও কারা অধিদপ্তরের ব্যক্তিরা।
তারা জানিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে শুনানি হয় সাল ধরে। বর্তমানে চলছে ২০১৮ সালের ডেথ রেফারেন্সের শুনানি। এই গতিতে চললে ২০২৬ সালের রায় নিষ্পত্তি হতে ২০৩৪ সাল লেগে যাবে।
সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, ““আমি ৪৩ বছর কোর্ট করেছি। এক লাখ মামলা আছে, যেখানে রামিসা আছে ২০ হাজার।
“চার বছরের মতো হাই কোর্টের ডেথ রেফারেন্স কোর্টে ছিলাম। দেখলাম, ১০ বছর আগের মামলার রায় পাওয়া আসামিও কনডেম সেলে আছেন।”
বিচারকাজ ঝুলে যাওয়া নিয়ে যৌথভাবে একটি জরিপ চালিয়েছে সুপ্রিম কোর্ট ও বেসরকারি উন্নয়ন সংস্থা— ব্র্যাক।
এতে ৩২টি জেলার ৪২টি ট্রাইব্যুনালে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নিষ্পত্তি হওয়া ৪ হাজার ৪০টি মামলার সময়সীমা, মুলতবি সংখ্যা, সময় আবেদনের পুনরাবৃত্তি, মামলার ধরন, সাক্ষী ও অভিযুক্তের তথ্য, ফরেনসিক পরীক্ষা ও রায়ের ধরন বিশ্লেষণ করা হয়েছে।
এতে বিচার বিলম্বের প্রধান কারণ হিসেবে বাদী ও বিবাদীর অনুপস্থিতি, ঘন ঘন সময় প্রার্থনা, তদন্তে বিলম্ব, দুর্বল প্রমাণব্যবস্থা, সাক্ষীর অনুপস্থিতি ও সাক্ষীর সুরক্ষার অভাব থাকার মতো বিষয় উঠে এসেছে।
সুপ্রিম কোর্টের হিসাবে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশের ৬৪ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ১ লাখ ১৬ হাজার ৩৯২টি।
উচ্চ আদালতের নির্দেশে নারী ও শিশু নির্যাতনের স্থগিত মামলার সংখ্যা ১ হাজার ৬০৯টি। অনুসন্ধান বা তদন্তের পর্যায়ে থাকা মামলার সংখ্যা ১১ হাজার ৮৭৯টি। তদন্ত ছাড়া প্রকৃত বিচারাধীন মামলার সংখ্যা ১ লাখ ৪ হাজার ৫১৩টি।
সুপ্রিম কোর্টের তথ্যানুযায়ী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঁচ বছরের বেশি সময় ধরে বিচার চলছে, এমন মামলা রয়েছে ২৬ হাজার ২৪৯টি।
শিশু ধর্ষণ ও হত্যার ও মামলার ঘটনা সংরক্ষণ করে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
তাদের তথ্যে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্নভাবে ৯১৪ জন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে মামলা হয়েছে ৫৩০টি ঘটনার ক্ষেত্রে।
ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ আছে ৩৪১ জনের ক্ষেত্রে। এসব ঘটনায় মামলা হয়েছে ২৮৭টি।
তাদের তথ্য অনুযায়ী, ১৬৬ শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এদের মধ্যে মামলা করেছে ১২৫ জন।
শুধু নারী শিশু নয় ধর্ষণ ও ধর্ষন চেষ্টা করা হয়েছে ছেলে শিশুদেরকেও।
আসকের তথ্য বলছে, চলতি বছরে অক্টোবর পর্যন্ত ৩১৫ জন শিশুকে হত্যা করা হয়েছে। মামলা হয়েছে ১০০ টি।
অভিযোগ অনুযায়ী, এদের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৮ জনকে ও ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে ৫ জনকে। এসব ঘটনায় মামলা হয়েছে ২৬টি।
মামলা শেষ হতে গড়ে লাগে তিন বছর সাত মাস
‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পদ্ধতিগত প্রতিবন্ধকতা এবং উক্ত প্রতিবন্ধকতাসমূহ নিরসনের কার্যকর উপায় চিহ্নিতকরণ’ শিরোনামে এ গবেষণা করে সুপ্রিম কোর্ট ও ব্র্যাক।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, একটি মামলা শেষ হতে গড়ে ৩ বছর ৭ মাস সময় লাগছে। প্রতিটি মামলায় গড়ে শুনানি হয় ২২ বার।
নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৬)-এ তদন্তের সময়সীমা ১৫ কার্যদিবস বেঁধে দেওয়া আছে।
এতে বলা হয়েছে, আসামি গ্রেপ্তার হওয়ার দিন থেকে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে।
মাগুরার শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার পর ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার ধর্ষণের ধারায় কিছু সংশোধন আনে।
আইনে ভুক্তভোগী ও আসামির ডিএনএ পরীক্ষার বাধ্যবাধকতা তুলে দিয়ে বলা হয়েছে, আদালত যদি মনে করে, ডিএনএ পরীক্ষা ছাড়া মেডিকলে সনদ দিয়ে বিচারকাজ চালানো যাবে।
রামিসা বা মাগুরার শিশু ধর্ষণের মতো দেশে কিছু মামলার রায় দ্রুত হয়ে যাওয়ার নজির আছে।
তবে পাঁচ-ছয় কর্মদিবসে রায় হওয়াকে ‘অস্বাভাবিক’ মন্তব্য করে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, “এগুলো মানুষকে কীভাবে উৎসাহিত করে, আমি জানি না।
“এক লাখ মামলা আছে, সেখানে ২০ হাজার রামিসা আছে। যে রামিসা মিডিয়াতে আসেনি, সে এত দ্রুত বিচার পায়নি। এই যে ছয়দিনে রায় দিয়ে দেওয়া, এটার আমি চূড়ান্ত বিরোধিতা করি।”
তার ভাষ্য, “সংবাদমাধ্যমের চাপে, সমাজের চাপে… বিচারকে বিচারের মতো চলতে দেওয়া উচিত। অন্তত ১৫ বা ২১ কর্মদিবসে যেন মামলা শেষ করতে পারে। কিন্তু ছয়দিনে কীভাবে সম্ভব হয়, আমি ভাবতেও পারি না।”
ঠাকুরাকোনায় পান্নাকে ধর্ষণের অভিযোগে করা মামলায় বাদী হন তার মা আলপনা আক্তার। এ মামলার রায় দেয় নেত্রকোণা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
পান্নার মা আলপনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলা চালাতে অনেক টাকা গ্যাছে। ইটের ভাটায় কাজ করছি, দোকানে কাজ করছি- এভাবে মামলা চালাইছি। আদালতে যাওয়া-আসার গাড়ি ভাড়া, খাওয়া, অনেক টাকা গ্যাছ। নয় বৎসর মামলাটা চালাইছি।”
মামলা করার পর হুমকি আসার অভিযোগ তুলে ধরে তিনি বলেন, “ব্যাগ ভইরা টেয়া লইয়াছে, মামলা আউট করত্যাম। “মামলা তুলি না দ্যাইখা আমারে মারছে। হসপিটালে ভর্তি হইছি।”
“রাতে কেরোসিন দিয়ে ঘরের চারকানি দিয়া আগুন লাগাইয়া দিছিল। আশপাশের মানুষ আইস্যা পানি দিয় নিভাইছে।”
২০১৬ সালের ১৮ অক্টোবর নিখোঁজ হয় দিনাজপুরের পাঁচ বছরের এক শিশু। পরের দিন শিশুটিকে বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়। শিশুটির প্রজনন অঙ্গ, মাথা, গলা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন ছিল।
শিশুটির বাবা ওই বছর ২০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এতে প্রতিবেশী সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড হয়।
জুলাই অভুত্থানের পর দিনাজপুর জেলা কারাগার থেকে জামিন পান সাইফুল। পরে সমালোচনার মুখে ফের তাকে কারাগারে পাঠানো হয়।
দ্রুত বিচারে বাধা কোথায়, যা বলছেন পুলিশ-আইনজীবী
শিশু ধর্ষণ ও হত্যা মামলার তদন্তের সঙ্গে যুক্ত কয়েকজন পুলিশ কর্মকর্তা ও রাষ্ট্রীয় আইজীবীদের সঙ্গে কথা বলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
তারা বলছেন, ডিএনএ পরীক্ষা, মেডিক্যাল প্রতিবেদন এবং ফরেনসিক প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে অনেক মামলার তদন্ত নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয় না। ডিএনএ পরীক্ষার ফল আসতে এক বছরেরও বেশি সময় লাগার কথাও বলেন তারা।
চট্টগ্রাম নগরীর বাকলিয়ার শিশু ধর্ষণ মামলার আসামি মনির হোসেনের (৩০) যাবজ্জীবন কারাদণ্ডের রায় আসে ১৩ দিনেই।
ওই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ, যিনি পাঁচ কর্মদিবসের মধ্যেই অভিযোগপত্র জমা দিয়েছিলেন।
দ্রুত সময়ে অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সিরিয়াল ব্রেক করে দেওয়ার বিষয়টা আরকি। মামলাটা ছিল চাঞ্চল্যকর। ফলে মেডিকেল, ডিএনএ রিপোর্ট দ্রুত এসেছে।”
চাঞ্চল্যকর ঘটনা না হলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় মন্তব্য করে তিনি বলেন, “অধিকাংশ মামলার তদন্ত শেষ করতে না পারার অন্যতম কারণ মেডিকেল প্রতিবেদনগুলো না পাওয়া। এসব প্রতিবেদন পেতে কখনো এক বছরও পেরিয়ে যায়।”
লোকবল কম থাকাও একটা কারণ বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এবং চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমদু-উল আলম চৌধুরী চৌধুরী মারুফ বলেন, মামলার দীর্ঘসূত্রিতা ও আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপে জটিলতার কারণে অনেক মামলা দুর্বল হয়ে পড়ে। মামলা চালাতে অনীহা প্রকাশ করেন বাদীরা।
“অনেক সময় মামলা করার পরে বাদীর ঠিকানা পরিবর্তন হয়ে য়ায়। পরিবর্তনের কারণে সমনগুলো ঠিকমতো জারি হয় না। অনেক সাক্ষী স্থান পরিবর্তন করেন। এর ফলে সাক্ষীদের ঠিকমতো কোর্টে হাজির করা যায় না।”
আসামিরাও কারসাজি করে সমন ‘গায়েব’ করে ফেলে বলে মন্তব্য করেন এই আইনজীবী।
ডিএনএ পরীক্ষা
২০২৬ সালের সংশোধিত আইনের ৩২ক ধারায় বলা হয়েছে, তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে ডিএনএ পরীক্ষা করতে পারবেন। তবে পরীক্ষা করা বা না করার ক্ষেত্রে ট্রাইব্যুনাল বা এখতিয়ারসম্পন্ন ম্যাজিস্ট্রেটের অনুমোদন লাগবে। পরীক্ষা না করলে তার কারণ তদন্ত প্রতিবেদনে থাকতে হবে।
এ ছাড়া ধর্ষণসংক্রান্ত মামলায় নমুনা পরীক্ষাগারে পাঠানো হলে অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা শেষ করে ফল দেওয়ার বিধান রয়েছে সংশোধিত আইনে।
চলতি বছরের ১০ জুন প্রধান বিচারপতি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেন।
সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, ওই বিশেষ বেঞ্চ গঠনের পর ২২টির বেশি ডেথ রেফারেন্স নিষ্পত্তি হয়েছে।
রায় কার্যকরে দেরি কেন?
উচ্চ আদালতে খোঁজ নিয়ে জানা গেছে, ডেথ রেফারেন্স শুনানির আগে প্রস্তুত করতে হয় ছাপা হয় পেপারবুক, যেখানে মামলার এজাহার, অভিযোগ গঠন, সাক্ষ্য, বিচারিক আদালতের রায় এবং সংশ্লিষ্ট নথিপত্র সংকলিত থাকে।
তারপর মামলাটি শুনানির জন্য প্রস্তুত হয়। এই পেপারবুক প্রস্তুত করে সরকারি ছাপাখানা। আদালত-সংশ্লিষ্টদের মতে, বিপুল কাজের চাপের কারণে এ ধাপেও অনেক সময় চলে যায়।
আদালতে বেঞ্চ সংকটও একটা কারণ বলে মনে করেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
“ডেথ রেফারেন্স কোর্ট একটা বা দুইটা থাকে। যখন একটা ডেথ রেফারেন্স আমাদের শুনতে হয়, শুনানিতে অন্তত এক সপ্তাহ যায়। প্রথমে পুরো ফাইলটা পড়া হয়, প্রত্যেক সাক্ষী…সমস্ত কাগজপত্র। তারপর এক দিন সরকারপক্ষ আরগুমেন্ট করে, একদিন আসামিপক্ষ, আমাদের (বিচারপতি) কিছু কোয়ারিস থাকে। এভাবে পাঁচটা কর্মদিবস লাগে। শোনার পর জাজমেন্ট দেওয়া হয়।”
এই হিসাবে মাসে গড়ে চারটা ডেথ রেফারেন্স শোনার সময় পাওয়া যায় মন্তব্য করে তিনি বলেন, তিন মাস ছুটিতে থাকে উচ্চ আদালত। তাহলে নয় মাস। সেই হিসেবে হয় ৩৬টা। যদি দুইটি ডেথ রেফারেন্স কোর্ট রাখা যায়, তাহলে হয় ৭২টা।”
সমাধানের পথ হিসেবে কৃষ্ণা দেবনাথ বলেন, “কোর্ট বাড়াতে হবে। কোর্ট বাড়াতে হলে জাস্টিস নিয়োগ দিতে হবে। আবার আজ নিয়োগ করে কালকে তাকে ডেথ রেফারেন্স কোর্টে দিতে পারবেন না।”
নাম প্রকাশে অনিচ্ছুক হাই কোর্টের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “ডেথ রেফারেন্স কোর্টে বর্তমানে ২০১৮ সালের রায়ের শুনানি চলছে।
“যেগুলো চাঞ্চল্যকর, সেগুলো লিস্টে আগে আসে; দ্রুত হয়। অন্যগুলো সাল ধরে হয়।”
[প্রতিবেদনটি তৈরিতে তথ্য সংগ্রহের মাধ্যমে সহায়তা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক ইমরান হোসাইন]
আরো পড়ুন-
রামিসা হত্যা: হাই কোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
রামিসা হত্যার রায় ‘তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব’, আশা আইনমন্ত্রীর
অধস্তন আদালতে সাড়ে ৪০ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী
নেত্রকোণায় শিশু ধর্ষণ, আত্মহত্যায় প্ররোচনার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় কার্যকর হয়নি এক বছরেও
