১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশা চালক হত্যা মামলার রায় পেছাল

আসামি পাঁচজনের মধ্যে তিনজন কারাগারে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 04:22 PM

Updated : 16 Nov 2026, 04:22 PM

সাড়ে তিন বছর আগে ঢাকার মুগদা এলাকায় অটোরিকশা চালক শেখ ফরিদ হত্যা মামলার রায় পিছিয়ে আগামী ৬ ডিসেম্বর রেখেছে আদালত।

ঢাকার তেরতম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল ইসলাম এ দিন রেখেছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী সোহেল মিয়া।

তিনি বলেন, “রায় প্রস্তুত হয়নি। এজন্য আগামী ৬ ডিসেম্বর রায়ের দিন রাখা হয়েছে।”

মামলার আসামিরা হলেন—রায়হান, সেলিম, নয়ন, নাঈম ও জাহিদ। তাদের প্রথম দুজন জামিনে রয়েছেন। বাকিরা আছেন কারাগারে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অটোরিকশা নিয়ে বের হন ফরিদ। রাতে বাসায় না ফেরায় খোঁজখুঁজির করেন পরিবারের সদস্যরা। পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়। ১৪ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে মুগদা থানার গ্রিন মডেল টাউন এলাকা থেকে ফরিদের পচা মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ১৫ এপ্রিল অচেনা ব্যক্তিদের আসামি করে মামলা করেন ফরিদের বাবা রবিউল।

মামলার তদন্তে গিয়ে নাঈমকে গ্রেপ্তার করে পুলিশ। কীভাবে এবং কারা ফরিদকে হত্যা করে তা তুলে ধরেন তিনি। পরে রায়হান, নয়ন ও জাহিদকে গ্রেপ্তার করা হয়। এরপর অটোরিকশা উদ্ধার করা হয় এবং চোরাই অটো রিকশা কেনার অভিযোগে গ্রেপ্তার করা হয় সেলিমকে।

মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ২৯ মার্চ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মুগদা থানার এসআই আহসান উল্লাহ।

গত বছরের ২৭ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালতে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করে। আসামিদের আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২৬ অক্টোবর রায়ের দিন সোমবার ধার্য করে আদালত। এখন তা পিছিয়ে ড ডিসেম্বর করা হলো।