ঢাকার আদালত থেকে আসামি পালানোর ঘটনায় মামলা
হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আসামিকে আদালতে হাজির করা হলে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।
ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে হত্যা মামলার আসামি কাউসার মিয়ার পালানোর ঘটনায় মামলা হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্যা মঙ্গলবার কোতয়ালী থানায় মামলা করেন।
বুধবার আদালতে এজাহার হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার গ্রহণ করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দিন একথা জানিয়েছেন।
কাউসার মিয়া ঢাকার দক্ষিণখানের দক্ষিণ পাড়া এলাকার গার্মেন্টস কর্মী আলো আক্তার হত্যা মামলার আসামি। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজের আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।
তার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ২০ জুলাই বাথরুমে ছুরিকাঘাতে হত্যা করা হয় আলোকে। পরদিন তার বাবা রবিউল ইসলাম মামলা করেন। তদন্তে গিয়ে সেদিনই কাউসারকে টঙ্গী থেকে গ্রেপ্তার করে পুলিশ।
‘প্রেম সংক্রান্ত বিরোধ থেকে’ আলোকে ছুরিকাঘাতের কথা ‘স্বীকার করে’ আদালতে জবানবন্দি দেন তিনি।
মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন দক্ষিণখান থানার এসআই সুজন চন্দ্র কর্মকার। ২০২২ সালের ২০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় এখন পর্যন্ত আলোর বাবা রবিউল ইসলাম ও তার বড় বোন রাব্বিনা আক্তার সাক্ষ্য দিয়েছেন।
গ্রেপ্তারের পর থেকে কারাগারেই ছিলেন কাউসার। মঙ্গলবার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঘিরে তাকে আদালতে হাজির করা হয়। যদিও সাক্ষ্য দিতে কেউ আদালতে আসেনি। পরে আদালতে এক ফাঁকে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যান তিনি।
