এএসপি আনিস হত্যা: তিন বছরে সাক্ষ্য দিয়েছেন মাত্র দুজন
“মৃত্যুর আগ পর্যন্ত বিচার চেয়ে যেতে হবে মনে হচ্ছে,” বলেন নিহতের স্ত্রী।
ছয় বছর আগে রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলার বিচার এখনও শেষ হয়নি।
অভিযোগ গঠনের পর তিন বছরে ২৯ জন সাক্ষীর মধ্যে মাত্র দুজনের সাক্ষ্যগ্রহণ করতে পেরেছে আদালত।
সাক্ষীরা আদালতে হাজির না হওয়ায় মামলার বিচারকাজ এগোচ্ছে না বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। কয়েকজন সাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আদালত।
এদিকে ছয় বছরেও বিচার শেষ না হওয়ায় হতাশ আনিসুলের পরিবার। অন্যদিকে আসামিপক্ষও চাইছে, দ্রুত সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার বিচার শেষ করা হোক।
আনিসুল করিম মানসিক সমস্যায় ভুগছিলেন। ২০২০ সালের ৯ নভেম্বর দুপুরে তাকে ঢাকার মাইন্ড এইড হাসপাতালে নেওয়া হয়। ভর্তির কিছুক্ষণ পর ওই হাসপাতালের কর্মচারীদের মারধরে আনিসুল করিমের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা ফাইজুদ্দীন আহম্মেদ বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০২২ সালের ৮ মার্চ এ মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুনসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা আদাবর থানার পুলিশ পরিদর্শক মো. ফারুক মোল্লা।
মাইন্ড এইড হাসপাতালের চিকিৎসক নুসরাত ফারজানাকে মামলায় এজাহারে আসামি না করলেও তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন। পরে অভিযোগপত্রে তার নাম না আসায় বাদীপক্ষ আপত্তি তোলে।
এএসপি আনিসুলের পরিবারের ভাষ্য ছিল, ডা. নুসরাত ওই ঘটনার সঙ্গে জড়িত, না হলে কেন তিনি আগেই জামিন নেবেন। এজন্য মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেন আনিসুলের বাবা ফাইজুদ্দীন আহম্মেদ।
পরে আদালত তা মঞ্জুর করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ২০২২ সালের ৩০ নভেম্বর নুসরাতকে বাদ দিয়ে ১৫ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করেন পিবিআইয়ের পরিদর্শক এ কে এম নাসির উল্যাহ।
মাইন্ড এইড হাসপাতালের পরিচালক মুহাম্মদ নিয়াজ মোর্শেদ মারা যাওয়ায় এবং ডা. নুসরাত ফারজানার বিরুদ্ধে অভিযোগের সতত্যা না পাওয়ায় তাদের মামলার দায় থেকে তাদের অব্যাহতির সুপারিশ করে তদন্ত কর্মকর্তা।
আসামিরা হলেন—জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুন, মাইন্ড এইড হাসপাতালের পরিচালক আরিফ মাহামুদ, ফার্মাসিস্ট তানভীর হাসান, কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সাজ্জাদ আমিন ও ফাতেমা খাতুন, হাসপাতালের সমন্বয়ক রেদোয়ান সাব্বির, হাসপাতালের কর্মচারী মাসুদ খান, জোবায়ের হোসেন, তানিফ মোল্লা, সজীব চৌধুরী, অসীম কুমার পাল, লিটন আহম্মেদ, সাইফুল ইসলাম ও আবদুল্লাহ আল-আমিন। তারা সবাই জামিনে রয়েছেন।
মামলাটি বর্তমানে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দিন চৌধুরীর আদালতে বিচারাধীন।
২০২৩ সালের ১২ সেপ্টেম্বর ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়। পরের বছরের ১১ মার্চ বাবা ফাইজুদ্দীন আহম্মেদ এবং একই বছরের ১২ জুলাই ভাই রেজাউল করিম সাক্ষ্য দেন। ২৯ জন সাক্ষীর মধ্যে এরপর আর কেউ সাক্ষী দেননি।
আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী জানান, গত ৭ অক্টোবর মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে সেদিন কোনো সাক্ষী আদালতে উপস্থিত হননি। এজন্য আগামী ১৮ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছে আদালত।
বিচার নিয়ে হতাশ পরিবার
ছয় বছরেও বিচার শেষ না হওয়ায় হতাশ আনিসুল করিমের স্ত্রী শারমিন আক্তার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, “কী আর বলার আছে, এই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থার অবস্থা। বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে, স্ট্রাগল করতে হচ্ছে।
“জানি না কবে মামলার ডেট আসে, আর কবে যাই। ছয় বছর হয়ে গেছে, এখনো দৃশ্যমান কিছু দেখা গেল না।”
শারমিন বলেন, “মামলার এ অবস্থা দেখে আসলে বলার কিছু নেই। মাথামুণ্ডু কিছুই হয়নি। মামলাটার বিচার শুরু হয়েছিল। ভাবছিলাম কিছু একটা হবে।
“কিন্তু কিছুই হলো না। আর আশা করে লাভ কী? মৃত্যুর আগ পর্যন্ত বিচার চেয়ে যেতে হবে মনে হচ্ছে।
“ছেলেটাকে নিয়ে আছি। জব করতে হচ্ছে। এখন মামলার দিকে ছুটলে মা-ছেলেকে না খেয়ে থাকতে হবে। বিচারটা হোক, আমরা বিচার চাই।”
সাক্ষী হাজির না হওয়ায় বিলম্ব
রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম (কাইয়ুম) বলেন, “মামলাটিতে সাক্ষ্যগ্রহণ চলছে। ইতোমধ্যে দুজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। অন্য সাক্ষীরা যথাসময়ে আদালতে উপস্থিত না হওয়ায় কার্যক্রম এগোচ্ছে না।
“এ কারণে কয়েকজন সাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত। আগামী ধার্য তারিখে সাক্ষীরা উপস্থিত থাকবেন, আশা করছি।”
দ্রুত বিচার চায় আসামিপক্ষও
আসামি ফাতেমা খাতুনের আইনজীবী মোজাম্মেল হক জুয়েল বলেন, “মামলায় দুজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। অনেক দিন সাক্ষ্যগ্রহণ হয় না। সাক্ষী না এলে আসামিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। কারণ রাষ্ট্রপক্ষ তাদের পক্ষে যাবে এমন সাক্ষী নিয়ে আসবে।
“কিছু নিরপেক্ষ সাক্ষী আছেন, যাদের সাক্ষ্যে আসামিরা সুবিধা পাবেন। অনেক দিন হলো, আমরাও চাই সাক্ষীরা আদালতে হাজির হোক। সাক্ষ্যগ্রহণের মাধ্যমে আমরা আসামিদের ন্যায়বিচার পাইয়ে দেব।”
তিনি বলেন, “ঘটনার দিন ফাতেমা খাতুন স্পটে ছিলেন না। পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তাকে আসামি করা হয়েছে।
“কিন্তু এ ঘটনার আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন ফাতেমা খাতুন। দুজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, তাদের সাক্ষ্যেও কিন্তু ফাতেমা খাতুনের নাম আসেনি।”
