আদালত থেকে পালিয়ে গেল হত্যা মামলার আসামি
পোশাক শ্রমিক আলো হত্যা মামলায় ২০২০ সাল থেকে কারাগারে ছিলেন কাউসার।
আদালত থেকে হত্যা মামলার এক আসামির পালিয়ে যাওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
কাউসার মিয়া (২৫) নামে ওই আসামিকে মঙ্গলবার পোশাক শ্রমিক আলো আক্তার (১৭) হত্যা মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়েছিল।
প্রসিকিউশন পুলিশের পরিদর্শক মোহসীন হোসেন বলেন, “কাঠগড়া থেকে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া।”
তাকে আদালতের কারাগার থেকে আনা-নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত।
তিনি বলেন, “আসামি কাঠগড়ায় হাতে হাতকড়া পরা অবস্থায় ছিল। তার কাস্টডি আনতে আদালতের সামনে যাই। এর মধ্যে আসামি হাতকড়া খুলে পালিয়ে গেছে।”
মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে আছে। আজ সাক্ষ্য গ্রহণের দিন ছিল। কারাগারে থাকা কাউসার মিয়াকে আদালতে হাজির করা হয়। তবে সাক্ষ্য দিতে কোনো সাক্ষী আদালতে হাজির হননি। এজন্য আগামী ২৮ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন রাখার তথ্য দিয়েছেন আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন।
ঢাকার দক্ষিণখান থানার দক্ষিণপাড়া এলাকায় ২০২০ সালের ২০ জুলাই ছুরিকাঘাতে খুন করা হয় আলোকে। এ ঘটনায় পরের দিন তার বাবা রবিউল ইসলাম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। তদন্তে নেমে ওই দিনই কাউসারকে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালতে দোষ স্বীকার করে কাউসার দাবি করে, আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু আলো আরকজনের সঙ্গে সম্পর্ক জড়ানোয় তাকে হত্যা করে।
এ মামলায় ২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দক্ষিণখান থানার এসআই সুজন চন্দ্র কর্মকার।
২০২২ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় এখন পর্যন্ত আলোর বাবা রবিউল ইসলাম ও তার বড় বোন রাব্বিনা আক্তার সাক্ষ্য দিয়েছে।
গ্রেপ্তারের পর থেকেই কারাগারে ছিলেন কাউসার।
