২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুতে বাইক থেকে পড়ে তরুণী নিহত, পালিয়ে গেলেন চালক

আনুমানিক ১৮ বছর বয়সি তরুণীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 04:26 PM

Updated : 29 Nov 2026, 04:26 PM

পদ্মা সেতুতে মোটরসাইকেল থেকে পড়ে এক তরুণী নিহত হয়েছেন। তার লাশ ফেলে রেখে পালিয়ে গেছেন মোটরসাইকেলের চালক।

রোববার রাত ৩টার দিকে সেতুর ৯ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ আক্তার হোসন বলেন।

আনুমানিক ১৮ বছর বয়সি তরুণীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, টোল প্লাজার সিসিক্যামেরার ফুটেজে নিহত নারীকে এক তরুণের মোটরসাইকেলের পেছনের আসনে বসা দেখা যায়। পরে সেতুর ওপর দ্রুতগতির মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। তাৎক্ষণিক পেছন থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই পালিয়ে যান মোটরসাইকেলের চালক। নিহত নারীর মোবাইল ও হেলমেট না পাওয়ায় চালকই সেগুলো নিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি সৈয়দ আক্তার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

কেউ ওই নারীর পরিচয় জানতে পারলে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করারও অনুরোধ জানিয়েছেন ওসি।