২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

মুখোমুখি সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 12:45 PM

Updated : 21 Nov 2026, 12:45 PM

গোপালগঞ্জ সদরে ঢাকা-খুলনা মহাসড়কে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ও মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুনতাসির মাহমুদ।

নিহতরা হলেন, মো. তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)। তাদের বাড়ি খুলনা জেলার শিরোমণি এলাকায়।

হাইওয়ে পুলিশের মুনতাসির মাহমুদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলেও ওই কর্মকর্তা জানান।