০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

নাটোরে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

মামার জানাজায় অংশ নিতে বগুড়া থেকে মোটরসাইকেল নিয়ে সিংড়ার দরি মহিষমারি গ্রামে যাচ্ছিলেন আবু বক্কর সিদ্দিকসহ দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 11:31 AM

Updated : 06 Nov 2026, 11:31 AM

নাটোরের সিংড়ায় বালুবাহী ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার সিংড়ার জামতলীর আজরদুর্গা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম।

নিহতরা হলেন, আবু বক্কর সিদ্দিক এবং মো. বেল্লাল। সিদ্দিক বগুড়া গাবতলীর রামেশ্বরপুর গ্রামের দুদু মোল্লার ছেলে এবং বেলাল কামারচট্র এলাকার সাবেদ আলী সকিদার ছেলে।

ওসি রফিকুল ইসলাম বলেন, মামার জানাজায় অংশ নিতে বগুড়া থেকে মোটরসাইকেল নিয়ে সিংড়ার দরি মহিষমারি গ্রামে যাচ্ছিলেন আবু বক্কর সিদ্দিকসহ দুজন।

পথে সিংড়ার ফরিদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ছিটকে পড়ে আবু বক্কর সিদ্দিকের মৃত্যু হয়। গুরুতর আহত বেলালকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাতে তারও মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার এসআই জাফর ইকবাল বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।