নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।
সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিয়ামতপুর থানার ওসি জানান।
নিহতরা হলেন- উপজেলার হাজিনগর ইউনিয়নের মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২০) এবং একই ইউনিয়নের সাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে নুরুল ইসলাম নুর সালাম (৫০)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুরগামী রাস্তায় সাংগৈল ও মোহাম্মদপুর গ্রামের মাঝামাঝি এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ধাক্কায় সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদন সাপেক্ষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
