২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

২০২৩ সালের ৮ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 01:23 PM

Updated : 23 Nov 2026, 01:23 PM

তিন বছর আগে ঢাকার মোহাম্মদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী মো. নুরুল আবসারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, “প্রাণদণ্ডের সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।'

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নুরুল আবসার। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর আবুল কালাম আজাদ।

নুরুল আবসারের বাড়ি কক্সবাজারের চকরিয়া রসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম করাইয়াঘোনায়। তার বাবার নাম আমান উল্লাহ।

মামলার বিবরণে বলা হয়েছে, ঘটনার প্রায় ১৬-১৭ বছর আগে নুরুল আবসার ও খাবিরুন নেছা বিয়ে করেন। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। আবসার মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ১২ নম্বর রোডের ৬১ নম্বর বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

“বিয়ের পর থেকেই নুরুল আবসার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে হাত-পা বেঁধে তাকে মারধর করা হতো। পরে গ্রামের বাড়ি চলে যান খাবিরুন নেছা। ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর খাবিরুন নেছা গ্রামের বাড়ি থেকে স্বামীর বাসা মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের ফিরে আসেন।

“ওই দিন সকাল ৮টার দিকে ওই বাসায় তার হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন নুরুল আবসার। দুপুর দেড়টার দিকে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় নিহতের ভাই মো. জুব্বার ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ নাজমুল ইসলাম ২০২৪ সালের ২২ এপ্রিল নুরুল আবসারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ৮ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু হয়।

বিচার চলাকালে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে। আসামির আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে এদিন আদালত থেকে আসামির সর্বোচ্চ সাজার রায় এল।