দিনাজপুরে তরুণীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
একই সঙ্গে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
দিনাজপুরের চিরিরবন্দরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে এক আসামিকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
একই সঙ্গে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও তিন মাস কারাদণ্ড দেওয়ারও আদেশ দিয়েছে আদালত।
দিনাজপুরের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দীন আহমেদ বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত তপন চন্দ্র রায় (৩৮) চিরিরবন্দর এলাকার সচিন রায়ের ছেলে।
রায় ঘোষণার সময় তপন আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তৈয়বা বেগম মামলার নথির বরাতে জানান, ২০১৯ সালের ১৯ মার্চ তপন শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে কৌশলে শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করেন। তরুণী চিৎকার করলে স্বজনরা গিয়ে তপনকে হাতেনাতে আটক করে। কিন্তু তপন ছোটাছুটি করে পালিয়ে যান।
এ ঘটনায় তরুণীর বাবা চিরিরবন্দর থানায় মামলা করেন। তদন্ত শেষে তপনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে পুলিশ তপনকে গ্রেপ্তার করে।
আইনজীবী তৈয়বা বলেন, আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে তপনকে এই সাজা দিল। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আহমেদ মণ্ডল।
