১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর দুর্লভ ছবি, সামনে এল অস্তিত্বের হুমকি

সভ্যতার থাবায় বিপন্ন আদিম জীবন- আমাজনের চিরহরিৎ বনের গহীন থেকে বিচ্ছিন্ন আদিবাসীদের বেরিয়ে আসার বিরল ছবিতে অস্তিত্ব সংকটের ছাপ।

ব্রাজিলের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর দুর্লভ ছবি, সামনে এল অস্তিত্বের হুমকি

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 08:41 PM

Updated : 18 Nov 2026, 08:41 PM

ব্রাজিলের আমাজন চিরহরিৎ বনের গহীন এলাকা থেকে বিচ্ছিন্ন এক আদিবাসী গোষ্ঠীর বেরিয়ে আসার বিরল কিছু ছবি প্রকাশিত হয়েছে। অধিকারকর্মীরা মঙ্গলবার বলেছেন, কাঠুরে, শিকারি ও গবাদিপশুর খামারিদের কারণে ওই জনগোষ্ঠী যে হুমকির মুখে পড়েছে, ছবিগুলো তা-ই স্পষ্টত সামনে নিয়ে এসেছে।

যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন ‘সারভাইভাল ইন্টারন্যাশনাল’ মঙ্গলবার ছবিগুলো প্রকাশ করে। সংগঠনটির ভাষ্যমতে, এর আগের দিন ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যে একটি সরকারি দলের সঙ্গে বহিরাগতদের সংস্পর্শের বাইরে থাকা প্রায় ২০ জন ‘আওয়া’ আদিবাসীর এক ‘ঐতিহাসিক সাক্ষাৎ’ হয়। সে সময় তারা খাবার চেয়েছিল।

কয়েক দশকের মধ্যে বাইরের মানুষের সঙ্গে তাদের এভাবে যোগাযোগ করার ঘটনা এটিই প্রথম।

অধিকার সংগঠনটির সংজ্ঞা অনুযায়ী, বাইরের জগতের অস্তিত্ব সম্পর্কে ধারণা থাকার পরও যেসব আদিবাসী গোষ্ঠী বহিরাগতদের সংস্পর্শ এড়িয়ে চলে এবং যাদের সঙ্গে বাইরের মানুষের কোনো স্থায়ী সম্পর্ক নেই, তাদেরই ‘আনকনট্যাক্টেড’ বা বিচ্ছিন্ন জনগোষ্ঠী বলা হয়।

সারভাইভাল ইন্টারন্যাশনাল বলেছে, সাম্প্রতিক ইতিহাসে, নিশ্চিতভাবেই গত কয়েক দশকের মধ্যে আওয়া জনগোষ্ঠীর এভাবে বেরিয়ে আসার নজির নেই। সংগঠনটি আরও জানায়, তাদের ভূখণ্ডে বহিরাগতদের অনুপ্রবেশের কারণে বসবাসের জায়গা এবং খাবারের উৎস সংকুচিত হওয়ার কারণেই হয়ত তারা খাবার চেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ব্রাজিলের আদিবাসী বিষয়ক সংস্থা ‘ফুনাই’ জানিয়েছে, মারানহাওয়ের আরারিবোইয়া আদিবাসী ভূমির একটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর যোগাযোগের যেসব ভিডিও ও বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেগুলো তারা খতিয়ে দেখছে।

ফুনাই এবং স্থানীয় সংগঠনগুলো জানিয়েছে, বাইরের মানুষের সংস্পর্শে এলে সাধারণ রোগজীবাণুতে আক্রান্ত হয়ে এই বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকি রয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই পরিস্থিতি মোকাবেলায় আদিবাসীদের স্বাস্থ্যঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে রাখতে তারা একটি জরুরি কর্মপরিকল্পনা চালু করেছে।

ফুনাই আরও জানিয়েছে, ব্রাজিল সরকার এই গোষ্ঠীর সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে চাইছে না এবং তাদের নীতি আগের মতোই ‘যোগাযোগ না রাখার’ পক্ষে রয়েছে।

ফুনাইয়ের তথ্য অনুযায়ী, আওয়া হলো উত্তর-পশ্চিম মারানহাওয়ের ‘টুপি-গুয়ারানি’ নৃগোষ্ঠীর একটি শাখা, যাদের একাংশ এখনো স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করে।

সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, ‘গার্ডিয়ানস অব দ্য আমাজন’ নামে পরিচিত একটি আদিবাসী দলের অনুরোধে তারা ছবিগুলো প্রকাশ করেছে। দলটি অবৈধ কাঠুরে ও গবাদিপশুর খামারিদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে থাকে।

রয়টার্স এই ফুটেজের স্থান ও তারিখ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। তবে ১৭ নভেম্বরের আগে অনলাইনে ছবি বা ভিডিওগুলোর কোনো পুরোনো সংস্করণ পাওয়া যায়নি।

সাম্প্রতিক দশকগুলোতে বিশ্বের বৃহত্তম বর্ষাবন আমাজনের বিভিন্ন প্রান্তে বসবাসরত বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীগুলো অবৈধ খনিশ্রমিক, কাঠুরে ও গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশের কারণে হুমকির মুখে পড়েছে।

সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, “অনুপ্রবেশকারীরা চারদিক থেকে তাদের ভূখণ্ডে ঢুকে পড়ায় বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী চরম চাপের মধ্যে রয়েছে।”

তিনি আরও বলেন, “চারপাশের ধ্বংসযজ্ঞের মাঝে আমাজন বনের ক্রমেই ছোট হয়ে আসা দ্বীপের মতো একটি অংশে তারা কোণঠাসা হয়ে পড়ছে।”

সংগঠনটি দক্ষিণ আমেরিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশে এমন ১৯৬টি বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী শনাক্ত করেছে। তাদের তথ্যমতে, এই গোষ্ঠীগুলোর প্রায় ৯৫ শতাংশই আমাজন অঞ্চলে বাস করে, যার মধ্যে ১২৪টি রয়েছে শুধু ব্রাজিলে।

মারানহাওয়ের আদিবাসী সংগঠন ‘কোয়াপিমা’ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, আওয়া জনগোষ্ঠীর সঙ্গে এই সাক্ষাৎ ‘দায়িত্বশীল সংস্থাগুলোর সতর্ক পদক্ষেপ নেওয়ার গুরুত্বকে সামনে এনেছে’।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন রোগের সংক্রমণ ও স্বকীয়তার ওপর অন্যান্য হুমকির মাধ্যমে ‘অপরিকল্পিত যোগাযোগ বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর জন্য ঝুঁকি তৈরি করতে পারে’।