১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ফিজিতে পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা দেখছে ঢাকা

ফিজিতে বিনিয়োগের মাধ্যমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পাওয়ার সুযোগ রয়েছে, বলেন হাই কমিশনার।

ফিজিতে পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা দেখছে ঢাকা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ফিজির অনাবাসিক হাই কমিশনার জগন্নাথ সামি বৈঠক করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 06:04 PM

Updated : 17 Nov 2026, 06:04 PM

বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য ও দক্ষ জনশক্তির জন্য নতুন সম্ভাবনাময় বাজার হয়ে উঠতে পারে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজি।

পাশাপাশি কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ থাকায় দেশটিতে বাজার সম্প্রসারণের সম্ভাবনা দেখছে ঢাকা।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ফিজির অনাবাসিক হাই কমিশনার জগন্নাথ সামির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বৈঠকে হাই কমিশনার বলেছেন, প্রায় ৯ লাখ ৩০ হাজার জনসংখ্যার ফিজিতে প্রতিবছর ১০ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেন।

“পর্যটন ও হোটেলশিল্পের চাহিদা পূরণে দেশটিকে প্রায় ৫০ শতাংশ খাদ্যপণ্য আমদানি করতে হয়। তাই ফলমূল ও শাকসবজি উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং মৎস্য খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।”

জগন্নাথ সামি বলেন, ফিজিতে বিনিয়োগের মাধ্যমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পাওয়ার সুযোগ রয়েছে।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশটিতে কর অবকাশ সুবিধাও দেওয়া হচ্ছে। এ ছাড়া প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশের পাটজাত পণ্য ও ব্যাগ রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে।

দেশটির অনেক দক্ষ কর্মী বেশি আয়ের আশায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলে যাওয়ায় ঘাটতি তৈরি হয়েছে। ফলে দক্ষ ও আধাদক্ষ কর্মীর চাহিদা তৈরি হয়েছে, বলেন ফিজির অনাবাসিক হাই কমিশনার।

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে শ্রম স্থানান্তর (লেবার মোবিলিটি) সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের বসবাসের সুযোগ দেওয়ার বিষয়েও ফিজি ‘ইতিবাচক’ বলে হাই কমিশনার জানিয়েছেন।

বাণিজ্যমন্ত্রী দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বাড়াতে চেম্বার অব কমার্সগুলোর মধ্যে সংযোগ স্থাপন এবং বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বৈঠক আয়োজনের প্রস্তাব দেন।

এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ দিতে যৌথ বাণিজ্য কমিশন গঠন অথবা বাণিজ্যবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।