২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা খরচে মালয়েশিয়া: প্রথম ধাপের ১১২ কর্মীর মধ্যে পৌঁছলেন ১০৩ জন

এই কর্মীরা ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ায় কাজ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 04:37 PM

Updated : 27 Nov 2026, 04:42 PM

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত ১১২ কর্মীর মধ্যে ১০৩ জন শুক্রবার ভোর রাতে মালয়েশিয়ায় পৌঁছেছেন। ৯ জনের কিছু প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় তারা যেতে পারেননি।

প্রয়োজনীয় নথিপত্র ঠিক করে এই ৯ জনও মালয়েশিয়া যাবেন বলে তথ্য দিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন।

প্রায় আড়াই বছর বিরতির পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও কর্মী নিয়োগ শুরুর অংশ হিসেবে এই কর্মীরা দেশটিতে পৌঁছান। তারা দেশটির ‘ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ায়’ কাজ করবেন।

হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম ফ্লাইটে ১১২ জন নতুন কর্মী আসার কথা থাকলেও ৯ জনের কিছু প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় ১০৩ জন এসেছেন। বাকি ৯ জন পরে আসবেন।”

এ দিন ইমিগ্রেশনসহ অন্যান্য কাজ শেষ করে ভোর ৪টার দিকে নতুন ১০৩ কর্মী বিমানবন্দর থেকে বের হয়ে আসলে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুররুল করিম খান চৌধুরী। তার সঙ্গে ছিলেন ডেপুটি হাই কমিশনার শাহানারা মনিকাসহ ডিএইচএল কর্মকর্তা।

নতুন কর্মীদের স্বাগত জানিয়ে হাই কমিশনার মঞ্জুররুল করিম খান বলেন, “এখানে অনেক বাংলাদেশি আছেন এবং তারা সুনামের সঙ্গে কাজ করছেন। আশা করব আপনারাও সেই ধারাবাহিকতাটা বজায় রাখবেন। আপনারা মালয়েশিয়ায় অনেকেই নতুন। মালয়েশিয়া আমাদের জন্য একটি বন্ধুভাবাপন্ন দেশ। তাই আপনাদের মনে হবে না যে, একেবারে বিদেশে এসেছেন।

“তারপরও প্রত্যেক দেশেরই নিজস্ব কিছু আইন আছে। এই দেশে কাজ করতে এসেছেন, তাই এ দেশের আইন-কানুন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রাখতে হবে। এমন কিছু করা যাবে না যাতে, এ দেশের লোকজন মনোক্ষুণ্ণ হন অথবা তারা মনে করেন যে আপনি তাদের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করছেন।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কী অনুসরণ করছেন বা কী শেয়ার করছেন তা মালয়েশিয়ায় নজরদারিতে রাখা হয় বলে সাবধান করে হাই কমিশনার বলেন, “এটার কারণে অনেক সময় নিরপরাধ লোকও নানা রকম সমস্যায় পড়েন। আমরা আপনাদের বিশেষভাবে অনুরোধ করব, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সাবধান থাকতে হবে। এমন কোনো আপত্তিকর কিছু শেয়ার করা যাবে না, যা আপনার নিজের ও সব সহকর্মীর জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় এবং বাংলাদেশের ভাবমূর্তিও নষ্ট করে।”

পরে নতুন কর্মীদের ডিএইচএল কুরিয়ার তাদের প্রতিষ্ঠানে নিয়ে যায় দুই দলে। তাদের এক দলকে পেনাং রাজ্যে ও অন্য দলকে কুয়ালালামপুরের কাছে শাহ আলম এলাকায় নিয়ে যাওযা হয়েছে।

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এর আগে বৃহস্পতিবার কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তিনি কর্মীদের সুস্থতা কামনা করেন এবং মালয়েশিয়ার সংস্কৃতি ও আইনকানুন মেনে সুনামের সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন।

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে এবং সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও কাজ শুরুর কথা জানান সরকারপ্রধান।

সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন মাস থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ ছিল।

এর আগে ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত দেশটি প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী নিয়েছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় গিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দ্রুত শ্রমবাজার খুলে দেওয়া এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান।

ওই বৈঠকে অভিবাসন ব্যয় কমিয়ে নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই সরকারপ্রধান একমত হন বলে সরকারের তরফে বলা হয়েছিল।

এরপর নানা প্রক্রিয়া আর অপেক্ষা শেষে বোয়েসেলের মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়। সেখান থেকে প্রথম ধাপে যাওয়ার জন্য ১১২ জনকে নির্বাচিত করা হয়।

বোয়েসেলের পক্ষ থেকে বলা হয়েছে, ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মীরা ১ হাজার ৭০০ রিঙ্গিত বেতনে তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন, যেখানে নিয়োগকর্তা আবাসন ও চিকিৎসা সুবিধাও দেবে।

এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।