নড়াইলে চাচীর সঙ্গে বাগ্বিতণ্ডার পর চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ
মঙ্গলবার হাসানুর শেখ বাড়ির পাশের জমিতে সুপারি গাছের চারা রোপন করেছিলেন। বুধবার সকালে তাতে পানি দিতে যান তার স্ত্রী।
নড়াইলের লোহাগড়ায় চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।
বুধবার সকালে উপজেলার বয়রা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম।
নিহত হাসানুর শেখ (৫৫) ওই গ্রামের সাত্তার শেখের ছেলে। তাকে হত্যার অভিযোগ ওঠা মামুন শেখ একই গ্রামের হাফিজুর শেখ ওরফে হাজেলের ছেলে। হাফিজুর ও হাসানুর সম্পর্কে চাচাতো ভাই।
লক্ষ্মীপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো. ওমর মোল্যা ও পুলিশ জানায়, মঙ্গলবার হাসানুর শেখ বাড়ির পাশের জমিতে সুপারি গাছের চারা রোপন করেছিলেন। বুধবার সকালে ওই চারা গাছে পানি দিতে যান তার স্ত্রী সাহেরা বেগম।
এ সময় সাহেরার সঙ্গে প্রতিবেশী ও ভাতিজা মামুন শেখের বাগ্বিতণ্ডা হয়। এসময় হাসানুর শেখ এগিয়ে গেলে তিনিও বাগ্বিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে বাড়ি থেকে ভেলা (লোহার ধারালো অস্ত্র) নিয়ে এসে হাসানুর শেখকে কুপিয়ে গুরুতর জখম করে মামুন শেখ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
