১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

স্থানীয়রা জানান, নিহত যুবক মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সেখানে মাদক সেবনের কারণে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Oct 2026, 02:09 PM

Updated : 15 Oct 2026, 03:11 PM

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

বৃহস্পতিবার ভোরে চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান জানিয়েছেন।

নিহত তারেক রহমান (২৮) ওই গ্রামের অলিউর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, তারেক মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। সেখানে মাদক সেবনের কারণে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফেরার পর আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।

নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মাকে মারধর করতেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, বুধবার রাতে মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর করে তারেক। এক পর্যায়ে তার বাবা অলিউর রহমান হাত-পা বেঁধে তাকে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে মারধরের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তারেকের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তারেকের মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত অলিউর রহমান পলাতক রয়েছেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

ওসি মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নেশার জন্য এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, “নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে।”