২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা

সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ২৬ জনের নামা এসেছে।

টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 10:27 PM

Updated : 26 Nov 2026, 10:27 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে আট হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

রোববার টুঙ্গিপাড়া থানার এসআই কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি করলেও বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।

এদিন সন্ধ্যায় বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার এসআই মো. আরিফুল ইসলাম।

মামলায় কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে প্রধান আসামি করা হয়েছে।

তিনি ছাড়াও মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইলিয়াস হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তৌফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি শামচুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ জনের নাম দেওয়া হয়েছে। বাকি আট হাজার অজ্ঞাতপরিচয় আসামি।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দেশি অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। খুনের উদ্দেশ্যে মারধর করে পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়।

এক পর্যায়ে হামলাকারীরা থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়। একইসঙ্গে সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করে।

ক্ষয়ক্ষতির বিষয়ে মামলায় বলা হয়েছে, সেদিন থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি এলএমজির ১০০টি গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১টি গুলি, ১১টি শটগান ও ৬৬৯টি রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল।

এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮টি গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬টি গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০টি গুলি। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সব মিলিয়ে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২১ কোটি টাকা বলে মামলার এজাহারে বলা হয়েছে।

এদিন রাত সাড়ে ৮টায় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

এ মামলায় এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

পুরনো খবর:

টুঙ্গিপাড়া থানা যেন ধ্বংসস্তূপ, পুরোদমে শুরু হয়নি কাজ