টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-আগুন: মালামাল নিয়ে চলে যাচ্ছেন পুলিশ সদস্যরা
আবারও হামলার আশঙ্কায় তাদেরকে গোপালগঞ্জ পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হচ্ছে, বলেন এক এসআই।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আবারও হামলার আশঙ্কায় থানা ছেড়ে চলে যাচ্ছেন পুলিশ সদস্যরা।
জানতে চাওয়া হলে একাধিক পুলিশ সদস্য বলেন, তাদেরকে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
বুধবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত টুঙ্গিপাড়া থানা এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।
সেখানে গিয়ে দেখা যায়, পুলিশ সদস্যরা পোশাক, অস্ত্রসহ সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে ভ্যান-ইজিবাইকে করে চলে যাচ্ছেন।
সেখানে একজন এসআই বলেন, ১৩ নভেম্বর গোপালগঞ্জ থেকে ব্যাটালিয়ন ও আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) ফোর্সের ২০০ পুলিশ সদস্য টুঙ্গিপাড়ায় আসেন। তারা টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার রাতে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করার পর থেকে আবার হামলার আতঙ্কে রয়েছেন তারা। এ অবস্থায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন তারা।
থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, থানায় পরিদর্শক তিনজন, এএসপি দুইজন, এসআই সাত, এএসআই সাত এবং কনস্টেবলসহ ৩০ থেকে ৩৫ জন নিয়মিত কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নেয় পুলিশ। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সমর্থকরা থানা ঘেরাও করেন।
পরে পুলিশের সঙ্গে হামলাকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। গ্রেপ্তারদের ছিনিয়ে নিতে গেলে পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এক পর্যায়ে থানায় ঢুকে ভাঙচুর ও আগুন দেন হামলাকারীরা।
এক পর্যায়ে পুলিশ নিরাপদ স্থানে আশ্রয় নেয়। তখন গ্রেপ্তারদের ছিনিয়ে নেয় হামলাকারীরা। তাদের দেওয়া আগুনে থানার নয়টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল এবং মালামাল পুড়ে যায়।
