১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিএলের সব লেনদেন ১৫ ঘণ্টা বন্ধ

ব্যাংকটির কোর ব্যাংকিং সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য লেনদেন বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 10:35 PM

Updated : 16 Nov 2026, 10:35 PM

ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) সব ধরনের লেনদেন আগামী শুক্রবার রাত ১০টা থেকে পরদিন শনিবার দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকবে।

সোমবার ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ওই সময়ের মধ্যে কোনো গ্রাহক এটিএম, পিওএস, সিআরএমসহ নানা ধরনের সুবিধা ব্যবহার করে কোনো আর্থিক লেনদেন করতে পারবেন না।

ব্যাংকটির কোর ব্যাংকিং সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য এই ১৫ ঘণ্টা লেনদেন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক সোমবার ব্যাংকটির কোর ব্যাংকিং সফটওয়্যার রক্ষণাবেক্ষণের অনুমোদন দিয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে বলা হয়, ওই সময়ে ইস্টার্ন ব্যাংকের এটিএম, এনপিএসবি, ক্যাশ রিসাইকেল মেশিন (সিআরএম), ড্রপবক্স, ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম), চেক ডিপোজিট মেশিন, পয়েন্ট অব সেলস বা পিএসও, ই–কমার্সসহ ব্যাংকিং ও নন–ব্যাংকিং চ্যানেলে ডেবিট কার্ড ও হিসাব–সংক্রান্ত সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

তবে এ সময়ে ইবিএলের ইস্যু করা ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ড দিয়ে অন্যান্য ব্যাংকের এটিএম, পিওএসসহ ইবিএলের পিওএসের মাধ্যমে লেনদেন করা যাবে।

সার্কুলারে আরও বলা হয়, ইন্টারনেট ব্যাংকিং, স্কাই ব্যাংকিং, মোবাইল অ্যাপ, ইবিএল কানেক্ট, মিসড কল অ্যালার্ট, ই–কেওয়াইসি, স্মার্ট আইভিআর, ইবিএল সেলফ সার্ভিস, সাপ্লাই চেইন ফাইন্যান্স, রেমিট্যান্স বা প্রবাসী আয়ের সেবাও বন্ধ থাকবে। এ ছাড়া আর্থিক লেনদেন সেবা আরটিজিএস, বিইএফটিএন ও সুইফট সেবাও এ সময় বন্ধ থাকবে।