০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক

এ ব্যবস্থার মাধ্যমে কোনো গ্রাহক ব্যাংকের একটি সেবা নিতে কল সেন্টারে বা ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করলে পরবর্তী সেবা নিতে নতুন কোনো তথ্য দেওয়ার প্রয়োজন হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 12:25 AM

Updated : 02 Nov 2026, 12:25 AM

ব্যাংকের সব সেবার মধ্যে সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে বেসরকারি ব্র্যাক ব্যাংক।

সেবাটির বিস্তারিত তুলে ধরে রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান মেহরিয়ার এম. হাসান বলেন, “সব সেবা গ্রাহকবান্ধব করতে চায় ব্র্যাক ব্যাংক, তারই উদ্যোগ নিয়ে হল ওমনি চ্যানেল ব্যাংকিং সার্ভিস।

“গ্রাহক কিভাবে ব্যাংকিং করবে এটা তার সিদ্ধান্ত। ব্যাংকিং সেবার সব চ্যানেলের মধ্যে তথ্য সমন্বয় থাকবে, এক জায়গায় থাকবে। বারবার একই তথ্য দেওয়া লাগবে না গ্রাহককে।’’

ব্র্যাক ব্যাংক বিদ্যমান লেনদেন নির্ভর ব্যাংক ব্যবস্থা থেকে গ্রাহকের সঙ্গে ‘সম্পর্কভিত্তিক’ ব্যাংকিংয়ে রূপান্তর হচ্ছেছ জানিয়ে মেহরিয়ার হাসান বলেন, “আমরা ট্রানজেকশন থেকে রিলেশনস বেইজে চলে যাচ্ছি। গ্রাহক ব্যাংকে অনবোর্ড হলে আমরা তার চাহিদা বিশ্লেষণ করে সেবা দেব।”

ওমনি চ্যানেল সম্পর্কে সংবাদ সম্মেলনে বলা হয়, কোনো গ্রাহক ব্যাংকের একটি সেবা নিতে কল সেন্টারে বা ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করলে পরবর্তী সেবা নেওয়ার সময়ে নতুন কোনো তথ্য দেওয়ার প্রয়োজন হবে না।

শাখায় গিয়ে সেই সেবাটি নেওয়ার সময়ে পূনরায় তথ্য দেওয়া লাগবে না। শাখা কর্মকর্তা স্বয়ংক্রিয়ভাবে কলসেন্টার বা ওয়েবসাইটে দেওয়া তথ্য পেয়ে যাবেন। এভাবে কল সেন্টার, ওয়েবসাইট ও শাখার মাধ্যমে দেওয়া সেবার মধ্যে সমন্ময় থাকবে ‘রিয়েলটাইমে’ অর্থাৎ তাৎক্ষণিক।

মেহরিয়ার হাসান বলেন, “গ্রাহক ব্যাংকের যে কোনো চ্যানেল দিয়ে যোগাযোগ করার পরে ব্যাংকই গ্রাহকের চাহিদা বিশ্লেষণ করবে। সে অনুযায়ী ব্যাংক ঋণ বা কার্ড অথবা অন্য কোনো ঋণের তথ্য গ্রাহককে জানাবে।”

ওমনি চ্যানেল কোনো অ্যাপ না, এটি একটি সেবার নাম বর্ণনা করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘‘এই চ্যানেলের কারণে একই জিনিস বারবার জিজ্ঞেস করব না। গ্রাহক যে কোনো মাধ্যমে বা উপায়ে ব্যাংকের সঙ্গে একবার যোগাযোগ করলে পরের বার আর নতুন করে একই সমস্যা কারও কাছেই বলতে হবে না। এতে গ্রাহক তার সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকের সেবা নিতে পারবেন।’’

এতে ব্যাংকের পরিচালন খরচ কমবে কি না প্রশ্নে তারেক রেফাত উল্লাহ বলেন, “ব্রাক ব্যাংকের তহবিল ব্যবস্থাপনা ব্যয় এখন ৬ শতাংশের মত। এটা কখনও বাড়ে, কখনও কমে। ওমনি চ্যানেলের কারণে তহবিল ব্যয়ের উপর তেমন প্রভাব পড়বে না।’’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন, উপব্যবস্থাপনা পরিচালক মাহীয়ুল ইসলাম ও শেখ মোহাম্মদ আশফাক।