মুনীর চৌধুরী সম্মাননা পেলেন জয়নুদ্দীন, তন্ময়ের হাতে জাকারিয়া পদক
“মুনীর চৌধুরী আজও প্রাসঙ্গিক,” বলেন থিয়েটারের পরিচালক রামেন্দু মজুমদার।
নাট্যদল ‘থিয়েটার’ প্রবর্তিত ‘মুনীর চৌধুরী সম্মাননা’ পেয়েছেন মোহাম্মদ জয়নুদ্দীন; ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’ পেয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়।
জয়নুদ্দীনকে এ সম্মাননা দেওয়া হয়েছে শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীকে নিয়ে গবেষণা করার জন্য। তন্ময়কে পদক দেওয়া হয়েছে রূপসজ্জা ও নাট্যচর্চায় অবদান রাখায়।
মুনীর চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী ঘিরে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এ সম্মাননা ও পদক বিতরণ করা হয়।
নাট্যদল ‘থিয়েটার’ এ অনুষ্ঠান আয়োজন করে। এটি ছিল ৩৬তম ‘মুনীর চৌধুরী সম্মাননা’ ও ২৯তম ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’।
অনুষ্ঠানে থিয়েটারের পরিচালক রামেন্দু মজুমদার বলেন, “মুনীর চৌধুরী আজও প্রাসঙ্গিক; শিক্ষাবিদ, নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও ভাষাতত্ত্ববিদ হিসেবে তার বহুমুখী পরিচয় অনুপ্রেরণা জোগায়।”
তার রচনাবলী পাঠ ও প্রাসঙ্গিক নাটকগুলো নতুন দৃষ্টিকোণ থেকে মঞ্চায়নের ওপর জোর দেন তিনি।
সভাপতির বক্তব্যে থিয়েটারের সভাপতি ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদার মুনীর চৌধুরীকে পারিবারিক পরিমণ্ডলে দেখার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “বড় ভাই মুনীর চৌধুরীই প্রথম নাটকে এনেছিলেন এবং সেখান থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়।”
মোহাম্মদ জাকারিয়াকে থিয়েটারের প্রধান শিল্পী হিসেবে তুলে ধরে তিনি বলেন, জাকারিয়ার অভিনয় ও উচ্চারণ ছিল অসাধারণ।
মঞ্চের শিল্পীদের দায়িত্ববোধের কথা তুলে ধরে ফেরদৌসী মজুমদার বলেন, “শিল্পী যতদিন বেঁচে থাকবেন, ততদিন মঞ্চে অভিনয় করে যেতে হবে।”
১৯৮৯ সাল থেকে ‘মুনীর চৌধুরী সম্মাননা’ এবং ১৯৯৭ সাল থেকে ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’ দিয়ে আসছে নাট্যদল থিয়েটার। আগে প্রতি বছর পদক দুটি দেওয়া হলেও বর্তমানে এক বছর পর পর দেওয়া হয়।
অনুষ্ঠানে সম্মাননা ও পদকপ্রাপ্ত দুজনই নিজেদের অনুভূতি জানান।
অনুষ্ঠানে কেরামত মওলা, তারিক আনাম খান, অধ্যাপক আব্দুস সেলিম, বাবুল বিশ্বাস, ত্রপা মজুমদার, সৈয়দ আপন আহসান এবং মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীরসহ নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।
পদক প্রদান পর্বের পর দ্বিতীয় পর্বে থিয়েটারের পরিবেশনায় মুনীর চৌধুরী রচিত ‘জমা খরচ ও ইজা’ নাটকের অংশবিশেষের পাঠ-অভিনয় অনুষ্ঠিত হয়।
