১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন শবনম ও রুনা লায়লাসহ ১৫ জন

বাংলা চলচ্চিত্র ও সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিতে শবনম ও রুনা লায়লার হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে।

‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন শবনম ও রুনা লায়লাসহ ১৫ জন

‘বশির আহমেদ সম্মাননা’ তুলে দেওয়া হচ্ছে রুনা লায়লার হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 03:51 PM

Updated : 19 Nov 2026, 03:52 PM

প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী ঘিরে আয়োজিত অনুষ্ঠানে দুই কিংবদন্তি শিল্পী শবনম ও রুনা লায়লাসহ মোট ১৫ জনকে সম্মাননা দেওয়া হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বুধবার ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সারগাম সাউন্ড স্টেশন। এতে সহযোগিতা করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

বাংলা চলচ্চিত্র ও সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিতে এই দুই শিল্পীর হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়।

আজীবন সম্মাননা ছাড়াও নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য অনুষ্ঠানে আরও ১৩ জনকে সম্মাননা দেওয়া হয়।

তারা হলেন সাংবাদিক রফিকুজ্জামান, সংগীতশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম ও দিলরুবা খান, গীতিকার মুনশী ওয়াদুদ, সুরকার ও সংগীত পরিচালক দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সেতারশিল্পী উস্তাদ ফিরোজ খান, কথক নৃত্যশিল্পী সাজু আহমেদ, রূপবিশেষজ্ঞ জারিনা আসগর, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, তবলাশিল্পী সীমা, শাহ মোহাম্মদ হান্নান এবং প্রবাসী চিকিৎসক খালেদ ভূঁইয়া।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অনুষ্ঠানে বলেন, “গুণীজনদের সম্মান জানানো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। বশির আহমেদের মত কালজয়ী শিল্পীদের স্মৃতি ধরে রাখতে সরকারি ও বেসরকারি পর্যায়ে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।”

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান ও সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে প্রয়াত শিল্পীর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন তার দুই সন্তান হোমায়েরা বশির ও রাজা বশির।

আলোচনা ও সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক পর্বে বশির আহমেদের কালজয়ী গানগুলো পরিবেশন করেন দেশের জনপ্রিয় শিল্পীরা।