হুমায়ূনের জন্মবার্ষিকী ঘিরে ৩ দিনের একক বইমেলা
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী ঘিরে তিন দিনের একক বইমেলার আয়োজন করা হয়েছে।
ঢাকার তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে শুক্রবার দুপুর ১২টায় 'হুমায়ূন আহমেদ বইমেলা' শিরোনামে এ আয়োজন উদ্বোধন করবেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
প্রকাশনা সংস্থা 'অন্যপ্রকাশ' ও চ্যানেল আই অনলাইনের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় অন্যপ্রকাশ ছাড়াও অন্যান্য প্রকাশনী থেকে বের হওয়া হুমায়ূন আহমেদের বই পাওয়া যাবে।
অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের কিংবদন্তি। তার সাহিত্যজগতের কেন্দ্রে ছিল মানুষ, মানুষের অনুভূতি ও জীবনের চেনা-অচেনা বিস্ময়কর সৌন্দর্য। পাঠক তার গল্পে নিজেকে খুঁজে পান। সে কারণেই প্রয়াণের ১৪ বছর পরেও তিনি সমানভাবে জনপ্রিয়।
“তার জন্মবার্ষিকী ঘিরে পাঠক ও ভক্তদের জন্য আমরা তিন দিনব্যাপী এই একক বইমেলার আয়োজন করেছি।”
চ্যানেল আইয়ের পর্দায় দিনব্যাপী বইমেলার পাশাপাশি হুমায়ূন আহমেদের জন্মদিন ঘিরে চ্যানেল আই অনলাইন আয়োজন করেছে ‘আমার হুমায়ূন’ শিরোনামে বিশেষ কর্মসূচি।
শুক্রবার সকালে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে তাকে স্মরণ করে সংগীত পরিবেশন করবেন এ প্রজন্মের শিল্পী প্রান্তি, অথি ও ইমরান খন্দকার। এছাড়া দুপুর ১টা ০৫ মিনিটে ‘সিনেমার গান’ অনুষ্ঠানে প্রচার হবে তার পরিচালিত চলচ্চিত্রের গান।
একনজরে হুমায়ূন আহমেদ
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। আশির দশক থেকে নব্বইয়ের প্রজন্মের কাছে তিনি ছিলেন 'গল্পের জাদুকর'। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’ ও ‘নক্ষত্রের রাত’-এর মতো কালজয়ী ধারাবাহিক নাটক নির্মিত হয়েছে তার গল্পেই।
১৯৯২ সালে ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রের জন্য সেরা গল্পকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এর দুবছর পর ১৯৯৪ সালে তিনি ‘আগুনের পরশমণি’ নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
এরপর একে একে নির্মাণ করেন ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ এবং ‘ঘেটুপুত্র কমলা’র মতো দর্শকপ্রিয় চলচ্চিত্র।
ব্যক্তিগত জীবনে ১৯৭৩ সালে গুলতেকিন খানকে বিয়ে করেন হুমায়ূন আহমেদ। এই দম্পতির চার সন্তান— নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ ও নুহাশ আহমেদ।
২০০৫ সালে গুলতেকিনের সঙ্গে বিচ্ছেদের পর মেহের আফরোজ শাওনকে বিয়ে করেন তিনি; তাদের দুই সন্তান নিষাদ ও নিনিত।
ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলা সাহিত্যের এ জনপ্রিয় লেখক।
