১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

‘বশির আহমেদ সম্মাননা’: আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম

এবার পুরস্কার দেওয়া হবে ১৩ ক্যাটাগরিতে।

‘বশির আহমেদ সম্মাননা’: আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম

অভিনেত্রী শবনমের সঙ্গে বশির আহমেদের দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 05:25 PM

Updated : 11 Nov 2026, 05:25 PM

স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আবারও শুরু হচ্ছে ‘বশির আহমেদ সম্মাননা’।

এ বছরের অনুষ্ঠানে অভিনেত্রী শবনমকে দেওয়া হচ্ছে আজীবন সম্মাননা।

বশির আহমেদের জন্মবার্ষিকী ঘিরে আগামী ১৮ নভেম্বর বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পদক বিতরণ অনুষ্ঠান হবে।

আয়োজনে সেরা তরুণ ও গুণী শিল্পীদের সম্মান জানানোর পাশাপাশি বর্ষীয়ান অভিনেত্রী শবনমের হাতে তুলে দেওয়া হবে আজীবন সম্মাননা স্মারক।

‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’, ‘যারে যাবি যদি যা'সহ বহু কালজয়ী গানের শিল্পী ও সুরকার বশির আহমেদ।

তার সংগীত সাধনাকে আজীবন অম্লান রাখতে ২০১৯ সাল থেকে পরিবার ‘বশির আহমেদ সম্মাননা পদক’ দিচ্ছে।

বশির আহমেদের দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এবং ‘সারগাম সাউন্ড সিস্টেম’-এর আয়োজনে ২০১৯ সালে প্রথম এই সম্মাননা চালু হয়।

এমনিতে সাত থেকে আটটি ক্যাটাগরিতে এ পদক দেওয়া হয়, যার মধ্যে সুরকার, গীতিকার, শিল্পী, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রবাসী বাঙালি এবং যন্ত্রসংগীত শিল্পী অন্তর্ভুক্ত। তবে এবার ১৩ ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়ে হোমায়রা বশির।

তিনি বলেন, “এই সম্মাননার প্রথম পদকটি আমরা শিল্পী ফেরদৌসী রহমানের হাতে তুলে দিতে পেরেছিলেন, এটা আমাদের পরিবারের জন্য একটি বড় সাফল্য ছিল। ফেরদৌসী রহমান নিজেও এই সম্মাননা পেয়ে অত্যন্ত আবেগাপ্লুত হয়েছিলেন। আমাদের জন্য দোয়া করেছেন। আমাদের এই উদ্যোগকে সম্মান জানিয়েছেন। এবার এই সম্মাননা পাচ্ছেন শবনম আন্টি, যিনি আমাদের চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ।”

২০২২ সাল পর্যন্ত প্রতিবছর নিয়মিত এ আয়োজন হলেও রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য কারণে গত তিন বছর অনুষ্ঠান স্থগিত ছিল। বিরতির পর চলতি বছর পুনরায় এই আয়োজন ফিরছে।

হুমায়রা ও রাজা দুজনেই বাবার রেখে যাওয়া ‘সারগাম মিউজিক্যাল একাডেমি’ এবং ‘সারগাম সাউন্ড স্টেশন’ এর মাধ্যমে বশির আহমেদের সংগীতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছেন।

সারগাম মিউজিক্যাল একাডেমি বশির আহমেদের প্রতিষ্ঠিত সংগীত স্কুল, যেখানে হুমায়রা ও রাজা দুইজনেই সংগীতের শিক্ষা দিচ্ছেন। সারগাম সাউন্ড স্টেশন একটি মিউজিক চ্যানেল ও স্টুডিও, যা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া থেকে পরিচালিত হচ্ছে।

দীর্ঘদিন ক্যানসার ও হৃদরোগে ভোগার পর ২০১৪ সালের ১৯ এপ্রিল ৭৪ বছর বয়সে মারা যান বশির আহমেদ। দেশের সংগীতশিল্পী হিসেবে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য ২০০৫ সালে তাকে একুশে পদক দেওয়া হয়।

চলতি বছরে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ পেয়েছেন বশির আহমেদ।

১৯৩৯ সালে কলকাতার খিদিরপুরে সওদাগর পরিবারে তার জন্ম। উর্দু ছিল তার পরিবারের ভাষা। গানের হাতেখড়ি ওস্তাদ বেলায়েত হোসেন খানের কাছে। গানের জন্য চৌদ্দ-পনেরো বছর বয়সে পাড়ি জমান মুম্বাইয়ে।

১৯৯৭ সালে লিয়াকত হোসেন খোকনকে এক সাক্ষাৎকারে বশির আহমেদ বলেছিলেন, “সে বয়সে গান ছাড়া আর কিছুই বুঝতাম না। গান আমাকে পেয়ে বসেছিল। রক্তের সঙ্গে মিশে গিয়েছিল গান। বাবা-মাকে না বলেই এক অর্থে পালিয়ে চলে গেলাম।

“বোম্বে গিয়ে উঠলাম গীতিকার রাজা মেহেদীর বাসায়। তিনি আমাকে ছেলের মত জানতেন। সুরকার নওশাদের সহকারী ছিলেন মোহাম্মদ শফি। তার সঙ্গেও আমার পরিচয় ঘটল। তিনিই আমাকে গান গাওয়ার সুযোগ করে দিলেন।

“বোম্বেতে থাকাকালে সেই ১৯৫৪-৫৫ সালে গীতা দত্ত, আশা ভোঁসলের সঙ্গে ডুয়েট গান গাওয়ার সুযোগ হয়েছিল। তালাত মাহমুদের সঙ্গে সে সময় আমার ঘনিষ্ঠতা গড়ে ওঠে।”

মুম্বাইতে বড়ে গোলাম আলী খাঁর কাছেও তালিম নেওয়ার সুযোগ ঘটে তার। ১৯৬০ সালে তালাত মাহমুদের সঙ্গে ঢাকা আসেন গান গাওয়ার জন্যে। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তারা একসঙ্গে স্টেজে গান করেন।

তারপর ফিরে গেলেও গানের টানেই কিছুদিন পরপর ঢাকা আসতেন বশির আহমেদ। এই আসা-যাওয়ার মধ্যে এখানে উর্দু চলচ্চিত্র ‘তালাশ’-এ (১৯৬৩) গান গাওয়ার সুযোগ পান।

এদেশে তখন উর্দু চলচ্চিত্র নির্মিত হত নিয়মিত। আর উর্দু ছবির গানের প্রয়োজনেই কদর বাড়তে শুরু করে বশির আহমেদের। তার কণ্ঠটিও ছিল উর্দু গানের।

‘তালাশ’ সিনেমায় নায়ক রহমানের ঠোঁটের সবগুলো গান গেয়েছিলেন তিনি। একটি গান ছিল-‘কুছ আপনি কাহিয়ে, কুছ মেরি সুনিয়ে’। এরপর জহির রায়হানের উর্দু ছবি ‘সঙ্গম’ (১৯৬৪)-এ গান করেন।

বশির আহমেদ উর্দুভাষার গীতিকার, সুরকার এবং শিল্পীও। উর্দু চলচ্চিত্র ‘কারওয়াঁ’ (১৯৬৪)-তে তার নিজের লেখা ও সুরে ‘যব তুম আকেলে হোগে হাম ইয়াদ আয়েঙ্গে’ জনপ্রিয় হয়। অন্য আরও উর্দু চলচ্চিত্রে কাজ করলেও ‘দরশন’ (১৯৬৭) তাকে নিয়ে যায় খ্যাতির শীর্ষে।

ওই চলচ্চিত্রের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন তিনি। বাংলা চলচ্চিত্রেও সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কাজ করতে শুরু করেন তারপর।

‘ময়নামতি’ (১৯৬৯) চলচ্চিত্রে সৈয়দ শামসুল হকের লেখা ‘ডেকো না আমারে তুমি কাছে ডেকো না’, গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়’। ‘মধুমিলন’ (১৯৭০) চলচ্চিত্রে শহীদুল ইসলামের লেখা ও ফেরদৌসী রহমানের গাওয়া ‘কথা বলো না বলো ওগো বন্ধু/ছায়া হয়ে তবু পাশে রইব’- গানগুলো সুরস্রষ্টা বশির আহমদের অমর সৃষ্টি।

২০০৩ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। তার করা সুরে গান করেছেন ফেরদৌসী রহমান, মোহাম্মদ আবদুল জব্বার, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন থেকে শুরু করে তরুণ অনেক শিল্পী।

একইভাবে আবদুল আহাদ, খান আতাউর রহমান, খন্দকার নুরুল আলম, সুবল দাস, রবীন ঘোষ, সত্য সাহা, আজাদ রহমান থেকে শুরু করে ইমন সাহার মত তরুণ সুরকারের গানও করেছেন বশির আহমেদ।