'বয়স আরও এক বছর বাড়ল, একটু বেশি জ্ঞানীও হলাম': রুনা লায়লা
"প্রতি বছর এই দিনে, ঠিক রাত ১২টা বাজলেই মনে পড়ে যায়, জীবনের আরও একটি বছর পেরিয়ে গেল, বয়স আরও এক বছর বাড়ল।"
জীবনের ৭৪তম বার্ষিকীতে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বিশেষ এই দিনে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
পাশাপাশি শিল্পীর ‘আজীবন সম্মাননা’ পাওয়ার খবরও এসেছে।
মঙ্গলবার ফেইসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, "আজ ১৭ই নভেম্বর। আমার জন্মদিন এবং আমি ৭৪ বছরে পা দিলাম। আমি আমার সকল ভক্ত, অনুসারী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব এবং পরিবারকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ক্রমাগত সমর্থন দিয়ে যাওয়ার জন্য এবং আমাকে এত ভালোবাসা, সম্মান ও দোয়া দেওয়ার জন্য। আমি আজ যা কিছু হয়েছি, তা আপনাদের সবার জন্যই হয়েছি।"
সংগীতকে সৃষ্টিকর্তার আশীর্বাদ মন্তব্য করে তিনি আরও বলেন, "আল্লাহ আমাকে এমন একটি প্রতিভা দিয়ে আশীর্বাদ করেছেন, যা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। আমি আশা করি দীর্ঘ সময় ধরে আপনাদের সবার জন্য গান গেয়ে যেতে পারব।"
ভিডিওর ক্যাপশনেও নিজের অনুভূতির কথাও তুলে ধরেন রুনা লায়লা।
তিনি লিখেছেন, "প্রতি বছর এই দিনে, ঠিক রাত বারোটা বাজলেই মনে পড়ে যায়, জীবনের আরও একটি বছর পেরিয়ে গেল, বয়স আরও এক বছর বাড়ল। কিন্তু সেই সঙ্গে কি একটু বেশি জ্ঞানীও হলাম? কে জানে! তবে একটা বিষয় আমি নিশ্চিতভাবে জানি, আর তা হল—তোমরা সবাই আমাকে কতটা ভালোবাসো! এত ফোন, এত মেসেজ, এত দোয়া আর শুভকামনা!"
আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
জন্মদিনের আনন্দের মাঝেই রুনা লায়লাকে আজীবন সম্মাননা দেওয়ার ঘোষণা এসেছে। প্রয়াত সংগীতশিল্পী ও সুরকার বশির আহমেদের জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আবারও শুরু হচ্ছে ‘বশির আহমেদ সম্মাননা’।
সেই আয়োজনেই রুনা লায়লা ও বর্ষীয়ান অভিনেত্রী শবনমের হাতে তুলে দেওয়া হবে আজীবন সম্মাননা স্মারক।
বশির আহমেদের জন্মবার্ষিকী ঘিরে বুধবার বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ পদক বিতরণ অনুষ্ঠান হবে। আয়োজনে আজীবন সম্মাননার পাশাপাশি সেরা তরুণ শিল্পীদেরও সম্মান জানানো হবে।
বশির আহমেদের দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এবং ‘সারগাম সাউন্ড সিস্টেম’-এর আয়োজনে ২০১৯ সালে প্রথম এই সম্মাননা পদক চালু হয়।
২০২২ সাল পর্যন্ত প্রতিবছর নিয়মিত এ আয়োজন হলেও রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য কারণে গত তিন বছর অনুষ্ঠান স্থগিত ছিল। বিরতির পর চলতি বছর পুনরায় এই আয়োজন ফিরছে।
ছয় দশকের বর্ণাঢ্য সংগীত জীবন
ষাট বছরের সংগীত জীবনে বাংলা, উর্দু, হিন্দি ও পাঞ্জাবিসহ ১৮টি ভাষায় দশ হাজারের বেশি গান গেয়েছেন রুনা লায়লা। গানে গানে সমাদৃত হয়েছেন দেশে-বিদেশে, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন খ্যাতির অনন্য উচ্চতায়।
কিশোরী বয়স থেকেই সিনেমায় প্লেব্যাক শুরু করেন তিনি। ১৯৬৫ সালে উর্দু সিনেমা ‘জুগনু’ দিয়ে তার প্লেব্যাক ক্যারিয়ার শুরু হয়। আর বাংলা সিনেমাতে গান গাওয়া শুরু করেন সুবল দাসের সুরে ‘স্বরলিপি’ সিনেমায়। মাত্র পাঁচ বছরের ব্যবধানে প্রায় এক হাজার গান রেকর্ড হয়ে যায় তার।
১৯৭৪ সালে বাংলাদেশে আসেন রুনা লায়লা। সে সময় ভারতে বড় তিনটি কনসার্টে গান পরিবেশন করে সে দেশের দর্শকদের কাছেও ব্যাপক সমাদৃত হন। বিশেষ করে ‘দমাদম মাস্ত কলন্দার’ গান গেয়ে ভারতে আলাদা পরিচিতি পান তিনি। ভারতের দুই কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের সঙ্গেও তার দারুণ সখ্য ছিল। কেবল গান নয়, চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ চলচ্চিত্রে অভিনয়ও করেছেন তিনি।
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক পদক ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত করেছে। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আটবার সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে ভারতে পেয়েছেন সায়গল পুরস্কার ও ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা এবং পাকিস্তান থেকে তার ঝুলিতে এসেছে নিগার, ক্রিটিক্স ও গ্র্যাজুয়েটস পুরস্কার।
