জন্মদিনের আগে রুনা লায়লাকে সোনার গিটার উপহার
“এমন অনন্য উপহার আমার জন্য ভালোবাসা ও সম্মানের,” বলেন তিনি।
জন্মদিন ঘিরে সোনার গিটার উপহার পেলেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।
মঙ্গলবার এই শিল্পীর ৭৪তম জন্মবার্ষিকী। দিনটি ঘিরে রোববার চ্যানেল আইয়ের ‘টাইমজোন-রুনা মহল’ শিরোনামের অনুষ্ঠানে এ উপহার দেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।
উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা বলেন, “জন্মদিনে এমন আয়োজন এবং অনন্য উপহার আমার জন্য ভালোবাসা ও সম্মানের। এই মুহূর্তটি আজীবন মনে থাকবে।”
চ্যানেল আইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় ‘রুনা মহল’ অনুষ্ঠানে অতিথি ছিলেন চিত্রনায়ক আলমগীর, চিত্রশিল্পী রফিকুন নবী এবং সংগীতশিল্পী আঁখি আলমগীর। মঙ্গলবার রাত সোয়া ১০টায় অনুষ্ঠানটি প্রচার হবে।
ছয় দশকের বছরের সংগীত জীবনে বাংলা, উর্দু, হিন্দি পাঞ্জাবিসহ ১৮টি ভাষায় দশ হাজারের বেশি গান গেয়েছেন রুনা লায়লা। গানে গানে সমাদৃত হয়েছেন দেশে দেশে, খ্যাতির অনন্য উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
রুনা লায়লা সিনেমায় প্লেব্যাক শুরু করেন কিশোরী বয়স থেকে। উর্দু গানের বড় বড় শিল্পীদের সঙ্গে গাইতেন। ‘জুগনু’ সিনেমা দিয়ে ১৯৬৫ সালে তার প্লেব্যাক ক্যারিয়ার শুরু হয়। আর বাংলা সিনেমায় গান গাওয়া শুরু করেন সুবল দাসের সুরে ‘স্বরলিপি’ সিনেমায়। পাঁচ বছরের ব্যবধানে প্রায় ১ হাজার গান রেকর্ড হয়ে যায় তার।
১৯৭৪ সালে বাংলাদেশে আসেন রুনা। সে সময় ভারতে বড় তিনটি কনসার্টে গান পরিবেশন করে সে দেশের দর্শকদের কাছেও সমাদৃত হন।
বিশেষ করে ‘দমাদম মাস্ত কলন্দার’ গান গেয়ে ভারতে আলাদা পরিচিতি পান তিনি। ভারতের দুই কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের সঙ্গেও সখ্য ছিল রুনা লায়লার।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আটবার সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন রুনা লায়লা। বাংলাদেশ সরকার এই শিল্পীকে সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার দিয়েছে।
ভারতে পেয়েছেন সায়গল পুরস্কার, ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা। পাকিস্তান থেকে তার ঝুলিতে এসেছে নিগার, ক্রিটিক্স, গ্র্যাজুয়েটস পুরস্কার।
চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ চলচ্চিত্রে অভিনয়ও করেছেন রুনা লায়লা।
