কৃষি খাতের অবদানের স্বীকৃতিতে তিনজন পাবেন ‘কৃষিবীর’ সম্মাননা
মাসব্যাপী বাছাই, প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ পেরিয়ে তিনটি বিভাগ থেকে একজন করে প্রতিযোগী চূড়ান্ত পর্বে উঠবেন।
কৃষক ও কৃষি উদ্যোক্তাদের জাতীয় পর্যায়ে সম্মান জানাতে দেশে প্রথমবারের মত ‘কৃষিবীর’ নামে একটি রিয়েলিটি শো আয়োজনের উদ্যোগ নিয়েছে পার্বণ মিডিয়া।
‘খামার’, ‘মৎস্য’ ও ‘চাষ’—এই তিন বিভাগে প্রতিযোগিতা শেষে একজন করে মোট তিনজনকে ‘কৃষিবীর’ সম্মাননা দেওয়া হবে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অনুষ্ঠানটির আয়োজক পার্বণ মিডিয়া।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার, এসিআই ফার্টিলাইজারের উপনির্বাহী পরিচালক কে বি ডি বশির আহমেদ, প্রাণিসম্পদ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, আইফার্মারের উপদেষ্টা ফাতেমা ওয়াদুদ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উপপরিচালক মোহাম্মাদ আকিকুল ইসলাম আকিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
পার্বণ মিডিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিযোগিতায় অংশ নিতে অডিশন ও নিবন্ধনের নিয়ম শিগগিরই গণমাধ্যমে প্রকাশ করা হবে।
প্রতিযোগিতার তিনটি বিভাগ হল—
• খামার: ডেইরি, পোল্ট্রি ও গবাদি পশু পালন।
• মৎস্য: আধুনিক ও লাভজনক মাছ চাষ এবং মৎস্য খামার ব্যবস্থাপনা।
• চাষ: ফসল উৎপাদন, উদ্যানতত্ত্ব ও স্মার্ট কৃষি প্রযুক্তি।
মাসব্যাপী বাছাই, প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ পেরিয়ে প্রতিটি বিভাগ থেকে একজন করে প্রতিযোগী চূড়ান্ত পর্বে উঠবেন। তাদের মধ্য থেকেই তিনজনকে ‘কৃষিবীর’ উপাধি দেওয়া হবে।
প্রতিযোগীদের মূল্যায়নে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতিকে গুরুত্ব দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
