কপ ৩১: কৃষিতে নারীর অবদানের স্বীকৃতি দাবি
তুরস্কের আনতালিয়া শহরের এক্সপো সিটিতে অনুষ্ঠিত হচ্ছে কপ ৩১ সম্মেলন।
নারীদের কৃষি জ্ঞানের স্বীকৃতি দিয়ে জলবায়ু সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। নারীদের পাশাপাশি কৃষকদের নিজস্ব জ্ঞানের স্বীকৃতি আদায়ে সামাজিক আন্দোলনেরও পরামর্শ দেন তারা।
হাজার বছরের লোকায়ত বিজ্ঞান প্রকৃতির কোনও ক্ষতি করে না, বরং লোকায়ত বিজ্ঞান প্রকৃতির ভারসাম্য রক্ষা করে পৃথিবীকে সুরক্ষিত রাখছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
তুরস্কের আনতালিয়া শহরের এক্সপো সিটিতে অনুষ্ঠিত কপ ৩১ সম্মেলনের দ্বিতীয় দিনের সাইড ইভেন্টের তৃতীয় কক্ষে জলবায়ু মোকাবেলায় ‘কৃষি ও খাদ্য ব্যবস্থায় অ্যাগ্রো ইকোলজি সমাধান’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফ্রিকার বক্তারা এসব কথা বলেন।
সভায় ইউরোপ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও আফ্রিকার বিভিন্ন দেশের গবেষকরা কথা বলেন।
ভারতের বেনু মরগান, বাংলাদেশের পাভেল পার্থ, পাকিস্তানের নাসিরা হক, দাতা সংস্থা আফসা’র মিলিয়ন বেলে ও ব্রিগেট মুগাম্বে বক্তব্য দেন।
বক্তারা বলেন, আধুনিক কৃষি লোকায়ত কৃষিকে স্বীকার করে না। আধুনিক কৃষি কেবল উৎপাদন ও বাজার চায়। চারপাশের বিদ্যমান লোকায়ত কৃষিকে নষ্ট করে, সমন্বিত কৃষিকে অস্বীকার করার কৌশলই রপ্ত করে আধুনিক কৃষি।
বিশেষজ্ঞরা বলেন, ফসলের সঙ্গে ‘অ্যাগ্রো ইকোলজির’ আবহমানকালের সম্পর্ক। কিন্তু উত্তর আধুনিক সময়ে এসে আধুনিক কৃষি ফসলকে, মাটিকে অস্বীকার করছে। সে কেবল উৎপাদনের পিছনে ছুটেছে।
বক্তারা বলেন, যদি প্রকৃতিকেন্দ্রিক কৃষিকে কেন্দ্র করে কৃষি অর্থনীতি চলে তাহলে কার্বন নিঃসরণ বন্ধ হবে। লাঙ্গলের ফলায় বিকশিত হবে কৃষি। ‘অ্যাগ্রো ইকোলজি’কে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার সমাধানের নিরাপদ মাধ্যম বলেও মনে করেন তারা।
জাতিসংঘ ইউএনএফসিসির অফিসিয়াল এই সাইড ইভেন্টের অন্যতম আয়োজক বারসিকের পরিচালক পাভেল পার্থ তার উপস্থাপনায় ‘অ্যাগ্রো ইকোলজি’ কিভাবে জলবায়ু সংকট সমাধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় তা প্রমাণ ও উদাহরণসহ আলোচনা করেন।
তিনি তিনটি রিও সনদ, প্যারিস চুক্তি এবং জলবায়ু অভিযোজন ও অঙ্গীকার বাস্তবায়নে কৃষি ও খাদ্যব্যবস্থার আমূল রূপান্তরের জন্য অ্যাগ্রো ইকোলজিকে সব রাষ্ট্রের এনডিসিতে অন্তর্ভূক্ত করার আহ্বান জানান।
বিশ্বজুড়ে চলমান বিষাক্ত, জীবাশ্ম জ্বালানিনির্ভর রাসায়নিক করপোরেট কৃষি ও খাদ্যব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, আর কোনো মিথ্যা ছলনা বা বাণিজ্যের প্যাকেজ নয়। চর্চা, বিজ্ঞান, নীতি ও আন্দোলনের মাধ্যমে ‘অ্যাগ্রো ইকোলজি’ আজ প্রকৃত জলবায়ু সমাধান।
পাভেল পার্থ বলেন, বাংলাদেশ ‘অ্যাগ্রো ইকোলজি’কে এনডিসি পরিকল্পনায় যুক্ত করেছে। কিন্তু অ্যাগ্রিকালচার নীতিমালায় যুক্ত করেনি। এটাকে জাতীয় কৃষি নীতিমালায় যুক্ত করতে হবে।
বারসিকের পরিচালক ও অ্যাগ্রো ইকোলজি বিষয়ক গবেষক সৈয়দ আলী বিশ্বাস বলেন, “অ্যাগ্রো ইকোলজি কার্বন কমিয়ে মাটির উর্বরতা বাড়ায়। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। চারপাশের সম্পদকে সমন্বিতভাবে ব্যবহারের মধ্যদিয়ে খাদ্য উৎপাদনকে সচল রাখে। এটি শুধু মানুষের খাদ্য উৎপাদনের বিষয়কে বিবেচনা করে না। একই সঙ্গে সব প্রাণের টিকে থাকার অধিকারকেও সুরক্ষিত রাখে।”
