২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডে চুক্তির মেয়াদ বাড়ল ফের্নান্দসের

তবে ভাইরাসে আক্রান্ত হওয়ায় ব্রেন্টফোর্ডের বিপক্ষে পর্তুগিজ মিডফিল্ডারের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ইউনাইটেডে চুক্তির মেয়াদ বাড়ল ফের্নান্দসের

ব্রুনো ফের্নান্দস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 10:00 PM

Updated : 27 Nov 2026, 10:00 PM

অধিনায়ক ব্রুনো ফের্নান্দসের চুক্তিতে থাকা এক বছর মেয়াদ বাড়ানোর বিকল্পটি কার্যকর করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রয়টার্স লিখেছে, এর ফলে পর্তুগিজ মিডফিল্ডারের চুক্তির মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বেড়েছে বলে শুক্রবার দলের একটি সূত্র জানিয়েছে।

সূত্রটি জানায়, এই সিদ্ধান্তটি উভয় পক্ষের জন্যই ভালো হয়েছে এবং ভবিষ্যতে নতুন চুক্তি নিয়ে আলোচনার পথও খোলা থাকছে। তবে বর্তমানে দলের পারফরম্যান্সে উন্নতি করাই তাদের মূল লক্ষ্য।

গত ৪০ বছরের মধ্যে প্রিমিয়ার লিগের কোনো মৌসুমে নিজেদের সবচেয়ে বাজে শুরুর পর, বর্তমানে পয়েন্ট তালিকার ১৯তম স্থানে আছে ইউনাইটেড।

ভাইরাসে আক্রান্ত হওয়ায় শুক্রবারের অনুশীলনে অংশ নিতে পারেননি ফের্নান্দস। ফলে শনিবার প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে থাকা ব্রেন্টফোর্ডের বিপক্ষে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এর আগে খবর ছড়িয়ে পড়ে যে, নতুন চুক্তির দুটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ফের্নান্দস, যার ফলে ওল্ড ট্র্যাফোর্ডে তার ভবিষ্যৎ নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। গত মঙ্গলবার ফের্নান্দস বলেছিলেন, নিজের ভবিষ্যৎ নিয়ে এখন আলোচনার উপযুক্ত সময় মনে করছেন না তিনি।

তবে দুই দিন পরই এলো মেয়াদ বাড়ানোর খবর।

২০২৪ সালের অগাস্টে আগের চুক্তিতে স্বাক্ষর করেন ফের্নান্দস। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিংয়ের বিপক্ষে ২-২ ড্র ম্যাচে দলের দুটি গোলই করেন ৩২ বছর বয়সি এই তারকা।

কোচ মাউরিসিও পচেত্তিনো জানিয়েছেন, ব্রেন্টফোর্ড ম্যাচ শুরুর আগে তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ার পর, সপ্তাহ খানেক আগে ইউনাইটেডের দায়িত্ব নেন পচেত্তিনো। এই আর্জেন্টাইন কোচ এখন ঘরের মাঠে তার প্রথম ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।

লিসবনে নাটকীয় ড্র এবং গত সপ্তাহে প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ৪-০ গোলে বড় হারের পর, এখনও প্রথম জয়ের অপেক্ষায় আছেন পচেত্তিনো।