২০২৮ পর্যন্ত রেয়াল মাদ্রিদে কোর্তোয়া
বেলজিয়ান গোলরক্ষকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।
তিবো কোর্তোয়াকে নিয়ে আগের নীতিই অনুসরণ করেছে রেয়াল মাদ্রিদ। বেলজিয়ান গোলরক্ষকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।
ইউরোপের সফলতম ক্লাবটি শুক্রবার এক বিবৃতিতে জানায়, ২০২৮ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বের্নাবেউয়ে থাকবেন ৩৪ বছর বয়সি এই তারকা।
কোর্তোয়ার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী জুনে। ক্লাব কর্তারা তাকে ধরে রাখাকেই অগ্রাধিকার দিয়েছেন; কারণ তাকে এখনও বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন হিসেবে বিবেচনা করা হয়।
তিনি যদি নিজের পারফরম্যান্সের মান ধরে রাখতে পারেন, তাহলে আগামী বছর তাকে আরও এক মৌসুমের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিতে পারে ক্লাব।
কোর্তোয়া দলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়, অধিনায়কদের একজনও। তার ওপর পূর্ণ আস্থা রয়েছে কোচ জুজে মরিনিয়োর। এই মৌসুমে চোটের কারণে কেবল একটি ম্যাচেই তিনি খেলতে পারেননি, আর সেটা ক্লাসিকো।
তিনি রেয়ালে যোগ দেন ২০১৮ সালে। ক্লাবের হয়ে ৯ মৌসুমে মোট ৩৪৮টি ম্যাচ খেলেছেন এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগাসহ ১৪টি শিরোপা জিতেছেন।
এই শিরোপাগুলো জয়ের পেছনে তার ছিল দারুণ ভূমিকা; তার দুর্দান্ত পারফরম্যান্সই তাকে বিশ্বের সেরা গোলরক্ষদের একজনে পরিণত করেছে।
