‘কাজের জন্য বিশ্বে সেরা’ কোম্পানির তালিকায় মেটলাইফ
তালিকায় সেরা ২৫ কোম্পানির মধ্যে সামগ্রিকভাবে ১৩তম স্থানে রয়েছে মেটলাইফ।
‘কাজের জন্য বিশ্বের সেরা’ কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করেছে ফরচুন ম্যাগাজিন, যেখানে যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা ও বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মেটলাইফ।
তবে তালিকায় শীর্ষ ২৫টি কোম্পানির মধ্যে সামগ্রিকভাবে ১৩তম স্থানে রয়েছে মেটলাইফ।
যুক্তরাষ্ট্রভিত্তিক এ বীমা কোম্পানি মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “টানা তৃতীয়বারের মত এ তালিকায় স্থান পেল মেটলাইফ। নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি কর্মীরা যেন প্রতিষ্ঠানে অবদান রাখতে পারেন এবং মেটলাইফের লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে পারেন, এমন ধরনের কাজের পরিবেশ গড়ে তুলতে গুরুত্ব দেয় মেটলাইফ।”
মেটলাইফের প্রেসিডেন্ট ও সিইও মিশেল খালাফ বলেন, “কাজের জন্য বিশ্বের সেরা কোম্পানি হিসেবে স্বীকৃতি পাওয়া এবং যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা ও বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন আমাদের কর্মীদের নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি। তাদের প্রচেষ্টাতেই প্রতিদিন আমরা আমাদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছি।
“মেটলাইফের নতুন কৌশলগত অগ্রযাত্রা ‘নিউ ফ্রন্টিয়ার’ বাস্তবায়নে আমাদের কর্মসংস্কৃতি অন্যতম বড় শক্তি। কর্মীরা যখন নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানে অবদান রাখার এবং নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ পান, তখন তারা গ্রাহক ও নিজেদের সহকর্মী উভয়ের জন্যই ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।”
