ঘূর্ণিঝড় ‘আকভান’: চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত
তবে বিকালের দিকে শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা বাড়ে।
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চাঁদপুরে টানা বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে; সেই সঙ্গে বাড়তে শুরু করেছে শীতের আমেজ।
চাঁদপুর আবহাওয়া কার্যালয়ের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকাল থেকে দিনভর কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মাঝারি ধরনের বৃষ্টি হওয়ায় জনজীবনে স্থবিরতা নেমে আসে। ছুটির দিন হওয়ায় প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হননি।
যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন, তাদের অধিকাংশকেই ছাতা নিয়ে চলাচল করতে দেখা গেছে। তবে বিকালের দিকে শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা বাড়ে।
বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রিকশা ও অটোরিকশাচালক, ভ্রাম্যমাণ ব্যবসায়ী এবং দৈনিক আয়ের ওপর নির্ভরশীল শ্রমজীবী মানুষ।
শহরের বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীর অপেক্ষায় থাকা অটোরিকশাচালক আনোয়ার হোসেন গাজী বলেন, প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি অন্তত এক থেকে দেড় হাজার টাকা ভাড়া পান। কিন্তু বৃষ্টির কারণে শুক্রবার ৮০০ টাকাও আয় করতে পারেননি।
মিশন রোড এলাকার রিকশাচালক সোলাইমান বলেন, সড়কে লোকজন কম থাকায় যাত্রীও তেমন মিলছে না। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তার আয় হয়েছে মাত্র ২০০ টাকা।
একই এলাকার সবজি বিক্রেতা জাহাঙ্গীরও পড়েছেন বিপাকে। বৃষ্টির মধ্যে পলিথিন টানিয়ে সকাল থেকে ক্রেতার অপেক্ষায় বসে থাকলেও বিক্রি হয়েছে খুবই কম।
তিনি বলেন, সবজি বিক্রি করেই তার সংসার চলে। তাই বৃষ্টি হলেও জীবিকার তাগিদে দোকান নিয়ে বসতে হয়েছে।
এদিকে গত এক সপ্তাহ ধরে শীতের আবহে শহরের নিউ ট্রাক রোডে তিনটি দোকানে পিঠা বিক্রি শুরু হলেও শুক্রবারের বৃষ্টিতে কোনো দোকান বসেনি। ভ্রাম্যমাণ হকারদের উপস্থিতিও ছিল হাতে গোনা।
