২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনমজুরের ঘরে ৩ মাসে ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল, দুশ্চিতায় গ্রাহক

একটি করে বাতি ও ফ্যানের পাশাপাশি একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া ছাড়া কোনো বিদ্যুৎ ব্যবহার করেন না বলে দাবি গ্রাহকের।

দিনমজুরের ঘরে ৩ মাসে ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল, দুশ্চিতায় গ্রাহক

বিদ্যুৎ বিল হাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি গ্রামের মো. ইউনুস আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 10:59 PM

Updated : 20 Nov 2026, 11:00 PM

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার এক দিনমজুরের বাড়িতে এক মিটারে তিন মাসে ৫০ হাজার ৩০ টাকা বিদ্যুৎ বিল এসেছে। অথচ বাড়িতে একটি বাতি ও একটি ফ্যানের পাশাপাশি একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া ছাড়া কোনো বিদ্যুৎ ব্যবহার করেন না বলে দাবি গ্রাহকের।

সীমিত ব্যবহারের বিপরীতে অস্বাভাবিক এই বিল পেয়ে বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।

সমস্যা থাকলে গ্রাহক অফিসে অভিযোগ দিতে পারেন, তবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া।

ভুক্তভোগী মো. ইউনুস আলী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের প্রয়াত আফতাব আলীর ছেলে। পেশায় দিনমজুর ইউনুসের সংসার চলে দিন এনে দিন খেয়ে। সম্বল বলতে কেবল আড়াই শতক ভিটেমাটি। সেখানে পরিবারের ছয় সদস্যকে নিয়ে বসবাস করেন তিনি।

বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বরে ৪৬৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবরে ৪২৯ ইউনিটের বিপরীতে নয় হাজার ১৬০ টাকা এবং নভেম্বরে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা।

সব মিলিয়ে তিন মাসে এক হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।

ইউনুস আলীর দাবি, বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম বলতে তেমন কিছুই নেই। শুধু ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া হয়। এত অল্প বিদ্যুৎ ব্যবহারের পরও কীভাবে প্রতি মাসে শত শত ইউনিট বিদ্যুৎ খরচ দেখানো হচ্ছে, তা বোধগম্য নয় তার।

অভিযোগ করে তিনি বলেন, অস্বাভাবিক বিল পাওয়ার পর একাধিকবার ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি জানিয়েছেন তিনি। এজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনো সমাধান পাননি। উল্টো দুর্ব্যবহারের শিকার হয়েছেন। পরে বাধ্য হয়ে বিষয়টি সাংবাদিকদের জানান।

ইউনুস আলীর পক্ষে একসঙ্গে এত টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করা প্রায় অসম্ভব। ফলে বিল নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার।

ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, কোনো গ্রাহকের সমস্যা থাকলে তাকে অফিসে এসে অভিযোগ করতে হবে। সাংবাদিকদের কাছে যাওয়ার প্রয়োজন কী? প্রতি মাসে ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করার কথাও বলেন তিনি।

কোনো মিটারে সমস্যা থাকলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

৫০ হাজার টাকার বিলের বিষয়ে তিনি বলেন, “প্রকৃতপক্ষে তার বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাকে পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।”