৫০৬ কোটি টাকার ভুতুরে বিল: পল্লী বিদ্যুতের চার কর্মকর্তা বরখাস্ত
ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে কথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
মাগুরা শালিখা পল্লী বিদ্যুৎ সমিতির এক গ্রাহকের ২৩৫ ইউনিটের বিপরীতে ৫০৬ কোটি টাকা বিল আসার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির জিএমসহ চার কর্মকর্তাকে সমায়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মহিদুল ইসলাম, মিটার রিডার তোরাব আলী, বিল সুপারভাইজার সীমা রানী রায় ও বিলিং সহকারী সোমা রানী ঘোষ।
তাদেরকে মাগুরা ও যশোরের বিভিন্ন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া শাখার উপ-মহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, বুধবার মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মোহাম্মদ মোহাম্মদ মহিতুল ইসলামের কাছে কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের গ্রাহক মোছা. আলেয়া খাতুনের বাড়ির বিলে এ ভুতুড়ে কাণ্ড ঘটে। ২৩৫ ইউনিটের বিপরীতে তার বিল আসার কথা এক হাজার ৯৬৩ টাকা। কিন্তু পল্লী বিদ্যুতের বিল সংশ্লিষ্টদের ভুলের কারণে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল করা হয়।
ভুতুরে বিলের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির শালিখার আড়পাড়া শাখার উপ-মহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ওই গ্রাহকের মিটারটি বদল করা হয়েছে।
এদিকে ভুক্তভোগী গ্রাহক আলেয়া বেগমের সঙ্গে বুধবার দুপুরে কথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় মন্ত্রী অনাকাঙ্ক্ষিত এই ঘটনার দুঃখপ্রকাশ করেন।
আলেয়া বেগম বলেন, বিদ্যুৎমন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে বিষয়টি জানতে চেয়েছিলেন। তিনি তাকে বিষয়টি জানিয়েছেন। মন্ত্রী দুঃখপ্রকাশ করেছেন।
