০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

‘ইউরোপ সেরা’ কিশোরকে দলে টানছে রেয়াল মাদ্রিদ

বিবিসির খবর, ১৬ বছর বয়সি জেজে গ্যাব্রিয়েলের সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছেছে স্প্যানিশ ক্লাবটি।

‘ইউরোপ সেরা’ কিশোরকে দলে টানছে রেয়াল মাদ্রিদ

জেজে গ্যাব্রিয়েল। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 09:31 PM

Updated : 04 Nov 2026, 09:31 PM

ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েলকে দলে টানার লড়াইয়ে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী রেয়াল মাদ্রিদ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবর, ১৬ বছর বয়সি এই কিশোরের সঙ্গে মৌখিকভাবে সমঝোতায় পৌঁছেছে স্পেনের সফলতম ক্লাবটি।

গ্যাব্রিয়েল এখনও ইউনাইটেডের নিবন্ধিত খেলোয়াড়। তবে গত সেপ্টেম্বরে ক্লাব ছেড়ে চলে যাওয়ার পর আর সেখানে ফেরেননি তিনি।

ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলেন গ্যাব্রিয়েল। সেপ্টেম্বরে লিগ কাপে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে অভিষেক হওয়ার কথা ছিল তার। সেটা হলে, ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হিসেবে অভিষেক হতো এই ইংলিশ ফুটবলারের।

বিবিসি তাদের প্রতিবেদনে লিখেছে, শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ পাওয়ার আশায় অন্য কোনো ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্যাব্রিয়েল। বর্তমানে স্পেনে একাই অনুশীলন করছেন এই কিশোর।

গ্যাব্রিয়েলকে দলে নিতে আগ্রহ দেওয়া ইউরোপের বেশ কয়েকটি ক্লাব। তাদের মধ্যে বার্সেলোনা ও পিএসজিও আছে। তবে আগামী জানুয়ারিতেই এই ফুটবলারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে আশাবাদী রেয়াল।

যদিও দুই ক্লাবের মধ্যে এখনও কোনো আলোচনা হয়নি। তবে বিবিসি স্পোর্ট সূত্রের বরাত দিয়ে লিখেছে, গ্যাব্রিয়েল ও তার প্রতিনিধিদের সঙ্গে মৌখিকভাবে চুক্তিতে পৌঁছেছে রেয়াল।

উয়েফা যুব লিগে অভিষেকেই হ্যাটট্রিক করেন গ্যাব্রিয়েল। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) পাসপোর্টও পেয়েছেন তিনি। এর ফলে ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবে যোগ দেওয়ার প্রক্রিয়া তার জন্য সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

গত মৌসুমে প্রিমিয়ার লিগের অনূর্ধ্ব-১৮ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন গ্যাব্রিয়েল। অথচ মৌসুম চলাকালে তার বয়স ছিল মাত্র ১৪ বছর।

চলতি বছর ইউনাইটেডের এক কর্মকর্তা গ্যাব্রিয়েলের উচ্ছ্বসিত প্রশংসা করেন। এই ফুটবলারকে ‘ইউরোপের সেরা ১৫ বছর বয়সি’ হিসেবে আখ্যা দেন তিনি। ক্লাবটির সাবেক অন্তর্বর্তীকালীন কোচ ড্যারেন ফ্লেচার বলেন, ‘চাইলে সে অনেক দূর যেতে পারবে।’

গ্যাব্রিয়েল ইউনাইটেড ছেড়ে গেলে ক্ষতিপূরণ পাওয়ার কথা ক্লাবটির। তবে প্রিমিয়ার লিগের বাইরের কোনো ক্লাবে যোগ দিলে সেই অর্থের পরিমাণ কম হবে।