রেয়াল মাদ্রিদে আরও ৫ বছর দিয়াস
এবারের মৌসুমে বেশিরভাগ সময় বেঞ্চে বসে কাটাতে হলেও চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মরক্কোর এই রাইট উইঙ্গার।
ইউরোপের সফলতম ক্লাব রেয়াল মাদ্রিদের সঙ্গে পথচলা আরও দীর্ঘ হচ্ছে ব্রাহিম দিয়াসের। চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ।
রেয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি করেছেন ২৭ বছর বয়সি দিয়াস। অর্থাৎ ক্লাবটিতে আরও পাঁচ বছর থাকবেন মরক্কোর এই ফরোয়ার্ড।
২০১৯ সালে ১৯ বছর বয়সে রেয়াল মাদ্রিদে যোগ দেন দিয়াস। ক্লাবটির জার্সিতে ছয় মৌসুমে এখন পর্যন্ত ১৭৩টি ম্যাচ খেলে ২২ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন ৩৪টিতে।
রেয়ালের হয়ে সাতটি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন দিয়াস। যেখানে রয়েছে একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ এবং দুটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ।
চলতি মৌসুমে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না দিয়াস। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে এবার কেবল ১০টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। কোনো গোলের দেখা পাননি, তবে অ্যাসিস্ট করেছেন চারটি, সবগুলো চ্যাম্পিয়ন্স লিগে।
এবারের মৌসুমে বেশিরভাগ সময় বেঞ্চে বসে কাটাতে হলেও রেয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ ঠিকই বাড়ালেন এই রাইট উইঙ্গার।
মরক্কোর জাতীয় দলের হয়ে খেলেন দিয়াস। দলটির হয়ে এখন পর্যন্ত ৩৬ ম্যাচে ১৫ গোল করেছেন তিনি। ২০২৫ সালের আফ্রিকান কাপ অব নেশন্সের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন এই ফুটবলার।
