বার্সেলোনায় ২০৩০ পর্যন্ত হাফিনিয়া
তবে সবকিছু পক্ষে থাকলে এরপরও আরও কিছু সময় কাম্প নউয়ের ঘরের ছেলে হয়ে থাকতে চান ব্রাজিলিয়ান তারকা।
দারুণ ছন্দে এগিয়ে চলার মাঝে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন হাফিনিয়া। নতুন চুক্তি অনুযায়ী, ক্লাবটিতে ২০৩০ পর্যন্ত খেলবেন তিনি।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে চার বছরের নতুন চুক্তির বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছে বার্সেলোনা।
লিডস ইউনাইটেড থেকে ২০২২ সালের গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দেন হাফিনিয়া। কাম্প নউয়ে চার বছর খেলার পর, করলেন আরও চার বছরের চুক্তি। তবে শরীর সাড়া দিলে এরপরও প্রিয় এই ঠিকানায় থাকতে চান তিনি।
“শারীরিকভাবে ফিট অনুভব করলে এবং ক্লাব আর কোচের চাওয়া অনুযায়ী আমার শরীর সাড়া দিলে, আনন্দচিত্তে ২০৩০ পর্যন্ত এখানে খেলে যাব এবং এরপরও কিছুদিন খেলব।”
চলতি মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ছন্দে আছেন হাফিনিয়া। এখন পর্যন্ত সব মিলিয়ে ১৩ ম্যাচে ১৯টি গোল করেছেন তিনি। এর ১৫টি করেছেন লা লিগায়, সর্বোচ্চ।
বার্সেলোনার হয়ে তিনটি লা লিগাসহ মোট সাতটি শিরোপা জয়ের পথে মোট ৯৪টি গোল করেছেন হাফিনিয়া।
